বগুড়ার শাজাহানপুরে চুরির অপবাদে এক গৃহকর্মীর ৬ মাস কারাভোগ : প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে গহনা চুরির অপবাদে ৬ মাস কারাভোগ করে জামিনে মুক্ত হয়েছেন মরিয়ম খাতুন (৩৪) নামের স্বামী পরিত্যক্তা এক গৃহকর্মী। শুধু চুরির মামলা নয়, বাসায় আটকে রেখে মারধর ও নির্যাতনের অভিযোগও উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। প্রতিবাদে অভিযুক্তদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী মরিয়ম খাতুনের স্বজন ও এলাকাবাসী।
গৃহকর্মী মরিয়ম খাতুন শাজাহানপুর উপজেলার ফুলকোট গ্রামের মৃত মহির আলীর মেয়ে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বি-ব্লক এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে মরিয়ম খাতুনের বড় বোন মমতাজ খাতুন (৩৬) বলেন, অভাবের সংসার চালাতে স্বামী পরিত্যক্তা মরিয়ম খাতুন দীর্ঘদিন ধরে বিভিন্ন বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজ করে আসছিল।
গত ২৪ মার্চ’২৬ সকালে তিনি রহিমাবাদ এলাকায় জনৈক হাসান আলীর বাসায় কাজ করতে যান। হাসান আলীর স্ত্রী হাফিজা খাতুন তাকে অন্য বাসায় কাজ করতে নিষেধ করেন বলে অভিযোগ করেন মরিয়ম খাতুন। একইদিন দুপুরে হাফিজা খাতুন তার স্বামীসহ কয়েক জনকে সাথে নিয়ে গৃহকর্মী মরিয়মের গ্রামের বাড়িতে যান এবং মরিয়মের বিরুদ্ধে বাসা থেকে স্বর্ণালংকার চুরির অভিযোগ তোলেন।
এ সময় তাদের বাড়ি ঘর তল্লাশি ও ভাঙচুর করে বেশ ক্ষতি সাধন করা হয়েছে বলে দাবি করেন মমতাজ খাতুন। ভুক্তভোগী মরিয়ম বলেন, ওই দি শেষে সন্ধ্যায় ইফতারের পর হাফিজা খাতুন তার বাসায় থাকার কথা বলে মরিয়মকে সঙ্গে নিয়ে বাসায় যান। সেখানে মরিয়ম কে একটি কক্ষে আটকে রেখে গহনা চুরির দায় স্বীকার করানোর জন্য মানসিক চাপ দেয়।
অনেক রাত হয়ে গেলেও তাকে আর বাড়ি ফিরতে দেওয়া হয়নি। পরে মরিয়মের মা ও বোন তাকে খুঁজতে হাফিজা খাতুনের বাসায় গেলে দরজা খুলতে দেরি করা হয় এবং একপর্যায়ে মরিয়ম কে মারধর করা হয়। এমতাবস্থায় মরিয়মের মা শাজাহানপুর থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নেয়। পরে চিকিৎসার জন্য মরিয়ম কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এরপর চুরির অপবাদে দায়ের করা মামলায় তাকে আদালতে প্রেরণ করা হলে প্রায় ৬ মাস কারাভোগের পর মরিয়ম জামিনে মুক্ত হন। মরিয়ম খাতুন নিজেকে নির্দোষ দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ নিজের নিরাপত্তার দাবি জানান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183981