সিরাজগঞ্জে ভুয়া ডাক্তার মিঠুর ফের সাজা

সিরাজগঞ্জে ভুয়া ডাক্তার মিঠুর ফের সাজা

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জে কথিত ভুয়া ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগে নাজমুল ইসলাম মিঠুকে ৪৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাকে পাঁচ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ দণ্ডাদেশ দেন।

জানা যায়, এ ঘটনায় মামলায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সিরাজগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. তাসলিমা জান্নাত। মামলায় বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনে নাজমুল ইসলাম মিঠুকে দোষী সাব্যস্ত করে ৪৫ হাজার ৫শ’ টাকা অর্থদণ্ড এবং পাঁচ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

নাজমুল ইসলাম মিঠু সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের আব্দুল লতিফের ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘মিঠু ডাক্তার’ নামে পরিচিত। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে চিকিৎসকের স্বীকৃত ডিগ্রি বা বৈধতা ছাড়াই তিনি রোগী দেখে আসছিলেন এবং চিকিৎসার নামে অর্থ আদায় করতেন।

এর আগে চলতি বছরের গত ৯ মার্চ জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান কথিত ভুয়া ডাক্তার নাজমুল ইসলাম মিঠুকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছিলেন।

স্থানীয়দের অভিযোগ, মিঠু প্রতিদিন প্রায় ৮০ থেকে ৯০ জন রোগী দেখতেন এবং রোগীপ্রতি ফি নিতেন। এতে শুধু রোগী দেখার ফি বাবদ প্রতিদিন প্রায় ৯ থেকে ১০ হাজার টাকা আয় করতেন বলে স্থানীয়দের দাবি। এছাড়া তার নিজস্ব ফার্মেসি থেকে প্রেসক্রিপশনে লেখা ওষুধ কিনতে রোগীদের বাধ্য করা হতো বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, ফার্মেসি থেকে মাসে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা আয় করতেন মিঠু।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183969