বগুড়ায়  ময়ূরী বেকারি’র ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায়  ময়ূরী বেকারি’র ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ ও নানা অনিয়মের অভিযোগে ‘ময়ূরী বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন, বগুড়ার সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চলাকালে প্রতিষ্ঠানটিতে বেশ কিছু গুরুতর অনিয়ম দেখতে পান ভ্রাম্যমাণ আদালত।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো, অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য ও খাদ্য প্রস্তুত করা, গুণগত মান যাচাইয়ের সনদবিহীন রাসায়নিক ফ্লেভার ব্যবহার করা ও হালনাগাদ বিএসটিআই মানসনদ ছাড়াই খাদ্যসামগ্রী তৈরি করা । একই সাথে কারখানার খাদ্যকর্মীরা যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করছিলেন না।

খাদ্য প্রস্তুতের কাজে এসএস (স্টেইনলেস স্টিল) টেবিলের পরিবর্তে অপরিষ্কার কাঠের টেবিল ব্যবহার করা হচ্ছিল। ঘটনাস্থলে অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183966