৩০ বছর পর বার্সেলোনার ক্যাম্প ন্যুতে হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল
২০২৮ ও ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যু নির্ধারণ করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ২০২৮ সালের ফাইনাল হবে জার্মানির মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়। এক বছর পর ২০২৯ সালের ফাইনাল অনুষ্ঠিত হবে স্পেনের বার্সেলোনার ক্যাম্প ন্যুতে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উয়েফা এ ঘোষণা দেয়।
২০২৮ সালে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আয়োজন করবে আলিয়াঞ্জ অ্যারেনা। এর আগে ২০১২ সালে এই মাঠে ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল চেলসি। এরপর ২০২৫ সালে প্যারিস সেন্ট জার্মেইনের প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের ফাইনালও হয়েছিল এই স্টেডিয়ামে।
প্রায় ৭০ হাজার দর্শক ধারণক্ষমতার আলিয়াঞ্জ অ্যারেনা ইতোমধ্যে বড় ম্যাচ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। অন্যদিকে ২০২৯ সালের ফাইনালের ভেন্যু ক্যাম্প ন্যুতে চলছে বড় ধরনের সংস্কারকাজ। ২০২৩ সালে শুরু হওয়া পুনর্নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে ধাপে ধাপে স্টেডিয়ামটির আধুনিকায়ন করা হচ্ছে।