মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ মিথ্যা বললো হুথি
আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র মক্কা নগরী লক্ষ্য করে ড্রোন হামলার দাবি প্রত্যাখ্যান করেছে ইয়েমেনের হুথিরা। সৌদি আরব একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার পর পবিত্র নগরী মক্কাকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে হুথি বিদ্রোহীরা। খবর : আল জাজিরা
হুথিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য হিজাম আল-আসাদ রিয়াদের এই দাবিকে সরাসরি অস্বীকার করে বলেছেন, হুথিদের একটি ড্রোন মক্কাকে লক্ষ্য করার চেষ্টা করেছিল-এমন দাবি একটি নির্জলা মিথ্যা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আল-আসাদ বলেন, পবিত্র মক্কাকে লক্ষ্য করার দাবি একটি জঘন্য মিথ্যা, যা আগেও বলা হয়েছে এবং এখন আর কাউকে বোকা বানাতে পারছে না।
এর আগে সৌদি জোটের এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মক্কার আকাশসীমার দিকে ধেয়ে আসা একটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করেছে। বিবৃতিতে আরও বলা হয়, এই শত্রুভাবাপন্ন ও সন্ত্রাসী প্রচেষ্টাটি মক্কাকে লক্ষ্য করার দ্বিতীয় প্রচেষ্টা। এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে প্রথমবার এমন প্রচেষ্টা চালানো হয়েছিল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183905