সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করলো হুথি
আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের মারিব গভর্নরেটের আকাশসীমায় সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি (বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ দাবি করেন।
তিনি বলেন, সৌদি যুদ্ধবিমানটি ইয়েমেনের বিরুদ্ধে ‘শত্রুতামূলক অভিযান’ পরিচালনা করছিল। এ সময় সেটিকে ভূপাতিত করা হয়। ইয়াহিয়া সারির দাবি, স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে। হুথির মুখপাত্র বলেন, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে সামরিক তৎপরতা জোরদারের অংশ হিসেবে ওই অভিযান চালাচ্ছিল।
তিনি আরও বলেন, ইয়েমেনের জনগণ ও দেশের বিরুদ্ধে ‘আগ্রাসনের’ জবাবে তাদের বাহিনী এই অভিযান পরিচালনা করেছে। তবে হুথিদের এই দাবির বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র : আল-জাজিরা
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183886