ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পাশে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে জগন্নাথ হল-সংলগ্ন এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা, বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্ত করা এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
মিছিল থেকে ছাত্রদল নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ধরনের বিস্ফোরণের ঘটনা শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
এদিকে, কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল বলেন, তাঁরা ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছেন। ঘটনাস্থলে পুলিশ ও সহকারী প্রক্টররা গিয়েছেন। তাঁরা এ বিষয়ে কাজ করছেন। ঘটনা কারা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183865