জয়পুরহাটের পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ভারপ্রাপ্তকে সরিয়ে চেয়ারে বসলেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার দায়িত্বে থাকা অবস্থায়, প্রায় এক দশক আগে সাময়িক বরখাস্ত হওয়া প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ শাহিনুর রহমান পুনরায় অধ্যক্ষের চেয়ারে বসেছেন। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় স্থানীয় লোকজন, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ইনস্টিটিউটের অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে শাহিনুর রহমান দায়িত্ব গ্রহণের ঘোষণা দিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, প্রতিষ্ঠানের সূচনালগ্ন থেকে তিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন। তবে ২০১৭ সালে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে ঢাকার শেরে বাংলা নগর (আগারগাঁও) থানায় একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ছিনতাই মামলা দায়ের করে। ওই মামলায় দুই দিন কারাভোগের পর জামিন পেলেও বিগত সরকারের প্রভাবশালী মহলের ইন্ধনে ও চাপের মুখে তাকে প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি এবং অবৈধভাবে সাময়িক বরখাস্ত করা হয়।
শাহিনুর রহমান আরও দাবি করেন, “আদালত দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালে তাকে এই মিথ্যা অভিযোগের মামলা থেকে সম্পূর্ণ অব্যাহতি দিয়েছেন। আদালত থেকে খালাস পাওয়ার পর তিনি গভর্নিং বডির (ব্যবস্থাপনা কমিটি) কাছে স্বপদে পুনর্বহালের জন্য লিখিত আবেদন করেন। কিন্তু কমিটি বিধিমালা লঙ্ঘন করে কালক্ষেপণ করতে থাকে। সাময়িক বরখাস্তের পর ১৮০ দিন অতিবাহিত হয়ে গেলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়ায়, এলাকার সুধীজন, অভিভাবক ও সাধারণ শিক্ষকদের উপস্থিতিতে তিনি তার আইনগত ও ন্যায্য পদে পুনরায় আসীন হয়েছেন।
এদিকে, দায়িত্বে থাকা অবস্থায় প্রতিষ্ঠাতা অধ্যক্ষের এভাবে চেয়ারে বসার বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার বলেন, ‘এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। আপনাদের যা জানার আছে, তা প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছ থেকে জেনে নিন।’
এ বিষয়ে প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ও পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. কশপিয়া তাসরিন জানান, “বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। সরকারি বিধি মোতাবেক যে ধরনের প্রশাসনিক বা আইনি ব্যবস্থা নেওয়ার দরকার, তদন্ত সাপেক্ষে সেটিই করা হবে।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183838