ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ১ কোটি ৪৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ১ কোটি ৪৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৪৪ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার মঈনপুর, কসবা, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।

বিজিবি জানায়, অভিযানে ভারতীয় উন্নতমানের শাড়ি, যৌন উত্তেজক ট্যাবলেট, মোবাইল ফোন, বাসমতি চাল, গরু, অলিভ অয়েল, বাজি, জিরা, ইস্কেপ সিরাপ, গাঁজা ও মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৪৪ লাখ ১ হাজার ৫০০ টাকা।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি আরও জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183806