দিনাজপুরের ঘোড়াঘাটে পরীক্ষামূলকভাবে চালু হলো জনস্বাস্থ্য বিভাগের পানির ট্যাঙ্ক

দিনাজপুরের ঘোড়াঘাটে পরীক্ষামূলকভাবে চালু হলো জনস্বাস্থ্য বিভাগের পানির ট্যাঙ্ক

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় নির্মিত পানির ট্যাংক পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

১ লাখ লিটার ধারণক্ষমতার এ ট্যাংক নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২ কোটি ১১ লাখ টাকা। এ প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের দক্ষিণ দেবীপুর গ্রামসহ রাণীগঞ্জ বাজারের আশপাশের এলাকার বাসিন্দারা এ প্রকল্পের সুবিধা ভোগ করবে।

গতকাল মঙ্গলবার জনস্বাস্থ্য প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন নিরাপদ ও বিশুদ্ধ পানির সংকট মোকাবিলায় স্থানীয় পর্যায়ে পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের উদ্যোগ হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। বর্তমানে পরীক্ষামূলকভাবে পানি সরবরাহ শুরু হয়েছে। এরই মধ্যে প্রায় ৩শ’ জন গ্রাহক সংযোগ নিয়েছেন।

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়, প্রকল্পটির আওতায় প্রাথমিকভাবে ৩শ’ গ্রাহককে সংযোগ দেওয়া হলেও ১ বছরের মধ্যে কোন বিল গ্রহণ করা হবে না। তবে এ প্রকল্পের জন্য ইউপি চেয়ারম্যান ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলীসহ পাঁচ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি চাইলে সার্ভিস চার্জ বা রক্ষণাবেক্ষণ বাবদ অল্প পরিমাণ খরচ নির্ধারণ করে আদায় করতে পারবে।

স্থানীয় বাসিন্দা মাসুদ রানা বলেন, রাণীগঞ্জ বাজারে এলাকায় নিরাপদ পানির উৎসের অনেক ঘাটতি রয়েছে। এখন বাজারে এলাকায় পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। নিয়মিত ও পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত হলে এলাকার মানুষের অনেক উপকার হবে।

এ বিষয়ে কথা হলে ঘোড়াঘাট জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোকাররম হোসেন বলেন, সারাদেশে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যেই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রাথমিকভাবে ভাবে ৩শ’ গ্রাহক দিয়ে শুরু হলেও প্রকল্পের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু হলে আরও বেশি পরিবার, ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নিরাপদ পানির সুবিধা পাবে বলে আশা করছি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183803