বগুড়ায় মালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও বৃক্ষরোপণ
শহর প্রতিনিধি : বগুড়া মহানগরের মালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষা, সৌন্দর্য্য বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম, পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এই আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।
বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি শামীম আহমেদসহ অন্যান্য সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন সহকারী শিক্ষা অফিসার রেজাউল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষিকা নারগিস আকতার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আকতার বানু কাকলীসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকামণ্ডলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন পাপপী আক্তার। পরে নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে বিদ্যালয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও বৃক্ষপ্রেম তৈরি করতে বিদ্যালয়ভিত্তিক এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরাও জানান, বিদ্যালয়ের পরিবেশ আরও সবুজ ও সুন্দর করে তুলতে ভবিষ্যতেও বৃক্ষরোপণসহ বিভিন্ন উন্নয়নমূলক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।
আলোচনাসভা শেষে নবগঠিত কমিটির উদ্যোগে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও কমিটির সদস্যরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183780