এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে ইতিহাস গড়লেন ম্যাথিউ রাইস

এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে ইতিহাস গড়লেন ম্যাথিউ রাইস

বিনোদন ডেস্ক : এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে অনন্য এক কীর্তি গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন বিভাগে প্রধান অভিনেতার পুরস্কার জিতে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন তিনি। এর আগে একই বছরে একাধিক প্রধান অভিনয় বিভাগে মনোনয়ন পাওয়া অভিনেতা থাকলেও, এক আসরে দুটি পুরস্কার জয়ের নজির গড়তে পারেননি কেউ।

‘দ্য বিস্ট ইন মি’ ও ‘উইডোজ বে’ দুটি ভিন্ন ঘরানার ধারাবাহিকে অভিনয়ের জন্য এবার পুরস্কৃত হয়েছেন রাইস। প্রথমে ‘দ্য বিস্ট ইন মি’-এর জন্য সীমিত ধারাবাহিকের সেরা প্রধান অভিনেতার পুরস্কার পান তিনি। পরে ‘উইডোজ বে’-এর জন্য কমেডি ধারাবাহিকের সেরা প্রধান অভিনেতার পুরস্কারও নিজের করে নেন।

দ্বিতীয় পুরস্কার গ্রহণের সময় আবেগাপ্লুত রাইস তা উৎসর্গ করেন ওয়েলসের মানুষের প্রতি। তিনি বলেন, ‘আমরা একটি ছোট কিন্তু শক্তিশালী জাতি। এটা অবিশ্বাস্য।’ এরপর ওয়েলশ ভাষায় ‘ডিয়োলচ ইন ফাওর ইওন’ বলে সবাইকে ধন্যবাদ জানান তিনি।

পরে মঞ্চের পেছনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেও নিজের শিকড়ের কথা তুলে ধরেন রাইস। তিনি বলেন, ছোট একটি দেশের মানুষ হিসেবে মাঝে মাঝে নিজেদের পরিচয় তুলে ধরার সুযোগ পাওয়া তাঁর জন্য আনন্দের। তাঁদের সামর্থ্যের চেয়েও বেশি কিছু করে দেখানোর ক্ষমতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

‘দ্য বিস্ট ইন মি’ ধারাবাহিকটি একজন শোকাহত লেখিকাকে ঘিরে নির্মিত। ক্লেয়ার ডেনেস অভিনীত সেই লেখিকা খুনের সন্দেহে থাকা রহস্যময় এক নতুন প্রতিবেশীর প্রতি ক্রমেই আচ্ছন্ন হয়ে পড়েন। এই ধারাবাহিকেই রাইসের অভিনয় দর্শক ও সমালোচকদের নজর কেড়েছে।

পুরস্কার জয়ের অনুভূতিকে ‘প্রকৃত বিস্ময়’ হিসেবে উল্লেখ করেন রাইস। সহ-অভিনেত্রী ক্লেয়ার ডেনেসকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই রহস্যময় জগতে তাকে যুক্ত হওয়ার সুযোগ দেওয়ার পাশাপাশি তাঁর ভেতরের ‘পশুটিকেও’ বের করে এনেছেন ডেনেস।

এরপর ‘উইডোজ বে’-এর জন্য পুরস্কার গ্রহণের সময় নিজের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাইস। বিশেষভাবে স্মরণ করেন তাঁর বাবা-মাকে। অল্প বয়সেই তাঁকে মঞ্চে ওঠার জন্য উৎসাহ দেওয়ায় তাঁদের ধন্যবাদ জানান তিনি।

এর আগে, অ্যালান আলডা, স্যালি ফিল্ড, জন গুডম্যান, এলিজাবেথ মস ও টেড ড্যানসনের মতো তারকারা একই বছরে দুটি প্রধান অভিনয় বিভাগের মনোনয়ন পেয়েছিলেন। তবে একই রাতে দুটি প্রধান অভিনয় পুরস্কার জয়ের কৃতিত্ব এবারই প্রথম অর্জন করলেন ম্যাথিউ রাইস।

এবারের এমি আসরে জিন স্মার্ট, অ্যালিসন জ্যানি ও স্টিফেন কোলবার্টসহ আরও অনেকে পুরস্কার পেয়েছেন। পাশাপাশি ডলি পার্টনকে ঘিরে ছিল আবেগঘন শ্রদ্ধাঞ্জলি এবং মাইকেল জে ফক্সকে দেওয়া হয় বিশেষ মানবিক সম্মান।

সূত্র : বিবিসি

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183778