ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সাবেক ৭ অজি অধিনায়কের চিঠি

ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সাবেক ৭ অজি অধিনায়কের চিঠি

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের স্বাস্থ্য ও মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়ক।

এ বিষয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের কাছে চিঠি দিয়েছেন তরা। চিঠিতে স্বাক্ষর করেছেন অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, কিম হিউজ, মার্ক টেলর ও স্টিভ ওয়াহ।

চিঠিতে অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়কেরা জানিয়েছেন, তারা কোনো কূটনৈতিক বা রাজনৈতিক অবস্থান থেকে এ উদ্যোগ নেননি। বরং সাবেক অধিনায়ক হিসেবে ইমরান খানের বন্দিজীবনের মানবিক দিক নিয়ে উদ্বেগ থেকেই তারা চিঠি দিয়েছেন।

ইমরানের বিরুদ্ধে চলমান আইনি বা রাজনৈতিক মামলায় তারা কোনো পক্ষ নিচ্ছেন না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। তারা বলেন, ‘বিষয়টি পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার। তবে কারাগারে বন্দী একজন ব্যক্তির সঙ্গে কী ধরনের আচরণ করা হচ্ছে, সেটি মানবিকতার মৌলিক প্রশ্ন।’

চিঠিতে ইমরান খানের অপর্যাপ্ত চিকিৎসাসেবা, পরিবারের সঙ্গে যোগাযোগে বিধিনিষেধ এবং আইনি সহায়তার সীমিত সুযোগ নিয়ে উদ্বেগ জানানো হয়। তার ছেলে ও বোনেরাও কয়েক মাস ধরে এসব বিষয়ে প্রকাশ্যে কথা বলে আসছেন।

১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ জেতানোর পর ক্রিকেট থেকে অবসর নিয়ে রাজনীতিতে প্রবেশ করেন ইমরান খান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ক্ষমতাচ্যুত হওয়ার পর দুর্নীতি ও অন্যান্য মামলায় সাজাপ্রাপ্ত হয়ে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন তিনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183775