কাদেরসহ ৭ জনের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ

কাদেরসহ ৭ জনের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৮ মিনিটে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথের সামনে এ বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, কে বা কারা ককটেল ছুড়ে বিস্ফোরণ ঘটিয়েছে সেটি তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি। ঘটনার পর সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, দুপুর ১টা ১৫ থেকে ২০মিনিটের মধ্যে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীকে শনাক্তের চেষ্টা চলছে।

এর আগে মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সাত নেতাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183770