আর্জেন্টাইন ক্লাবের বিশ্ব রেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর
স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের ৮৭ বছর ধরে চলা আগের একটি রেকর্ড ভেঙে দিলো সৌদি আরবের চ্যাম্পিয়ন ক্লাব আল নাসর। ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল খালিজের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে ইতিহাস গড়েছে।
ক্লাব ফুটবলের কোনো শীর্ষ লিগে সবচেয়ে লম্বা সময় ধরে টানা গোল করার রেকর্ড গড়েছে আল নাসর। সৌদি প্রো লিগে টানা ৯৪ ম্যাচ অন্তত একটি করে গোল করেছে তারা। ১৯৩৩ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত আর্জেন্টাইন দল রিভার প্লেটের টানা ৯৩ ম্যাচে গোলের রেকর্ড ভেঙে দিয়েছে তারা। ৭২তম মিনিটে ঐতিহাসিক গোলটি করে সমতা ফেরান ২৭ বছর বয়সী ফরোয়ার্ড আব্দুল্লাহ আল-হামদান।
এটি রোনালদোর ক্যারিয়ারের আরেকটি বিশেষ অর্জন, তার নেতৃত্বে ৯৪ ম্যাচে গোলের রেকর্ড গড়ল আল নাসর। ২০২৩ সালে ক্লাবটিতে যোগ দেন তিনি এবং সৌদি প্রো লিগে ১১৩ ম্যাচ খেলে করেছেন ১০৫ গোল।
আল নাসরের এই অবিশ্বাস্য যাত্রা শুরু হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে আল হিলালের কাছে ৩-০ গোলে হারের পর। পরের ম্যাচে তারা আল রিয়াদকে ৪-১ গোলে হারায়, সেই শুরু।
তবে এই রেকর্ড উদযাপন বর্ণিল করতে পারেনি আল নাসর। রেলিগেশন জোনের ঠিক উপরে থাকা দলের কাছে পয়েন্ট হারানোর হতাশা নিয়ে মাঠ ছেড়েছে তারা। এই ড্রয়ে তারা লিগে তিনে নেমে গেছে। আল হিলালের চেয়ে দুই ও আল ইত্তিহাদের থেকে এক পয়েন্ট পেছনে তারা।
৪১ বছর বয়সী রোনালদো ইঙ্গিত দিয়েছেন, এই মৌসুমই তার পেশাদার ফুটবলে শেষ। পর্তুগিজ তারকা প্রথম ফুটবলার হিসেবে ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার দৌড়ে আছেন। বর্তমানে তার গোল সংখ্যা ৯৭৯টি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183756