পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আজিজুল গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে ছাত্রদলের নেতা কর্মীরা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর লালমাটিয়ার মিনা বাজারের সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা-পুলিশ।
গ্রেফতার খন্দকার মো. আজিজুল হক আরজু (৬৯) পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাড়ি পাবনার আমিনপুরের নাটিয়াবাড়ী এলাকায়।
পুলিশের জানায়, সোমবার রাতে মোহাম্মদপুরের লালমাটিয়ায় মিনা বাজারের সামনে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা আরজুকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটকের সময় ধস্তাধস্তি করতে গিয়ে তিনি সামান্য আঘাত পান।
মোহাম্মদপুর থানা-পুলিশ জানায়, আরজু হৃদ্রোগে আক্রান্ত। গ্রেফতারের পর তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে পুলিশি প্রহরায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা গণমাধ্যমকে বলেন, স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হক আরজুকে আটক করা হয়েছে। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার বিষয়ে যাচাই-বাছাই ও তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183755