হাতকড়াসহ পালানো সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. রেনু মিয়াকে নয় ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রেনু মিয়া মাধবদী এলাকার ইল্লাত মিয়ার ছেলে। তিনি ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুলিয়ারচর থানায় রেনু মিয়ার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।
সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় খবর পেয়ে বাড়ির আশপাশে স্থানীয় লোকজন জড়ো হন। তবে কোনো ধরনের হট্টগোল হয়নি বলে জানিয়েছে পুলিশ। একপর্যায়ে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান রেনু মিয়া। পরে তাকে ধরতে অভিযান শুরু করে পুলিশ।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, রেনু মিয়াকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183738