বগুড়া স্টেশন রোডে ফুটপাত ও রাস্তা দখলের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের অভিযান
স্টাফ রিপোর্টার: বগুড়া মহানগরের স্টেশন সড়ক থেকে ফলের আড়ৎ তিনমাথা এলাকায় স্থানান্তরিত করা হলেও, কিছু ব্যবসায়ী নির্দেশ অমান্য করে পুরনো স্থানেই ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। তিনমাথায় আড়ৎ না নিয়ে তারা স্টেশন রোডের ফুটপাত ছাড়িয়ে মূল রাস্তাও দখল করে নেন।
এমনকি ব্যবসার সুবিধার্থে রাস্তার পিচ কেটে মাটি সরিয়ে সেখানে অননুমোদিতভাবে ব্যবসা করছিলেন আড়ৎদারের লোকজন, যা সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে মারাত্মক ভোগান্তির সৃষ্টি করে।
ভোগান্তির শিকার সাধারণ মানুষের দীর্ঘদিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বগুড়া সিটি কর্পোরেশন স্টেশন রোডে একটি বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানে রাস্তা থেকে অবৈধভাবে কাটা মাটি ও দখলকৃত স্থাপনা সরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে রাস্তাটি সম্পূর্ণ পরিষ্কার করে যান চলাচলের উপযোগী করা হয়।
সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, শহরকে যানজটমুক্ত রাখতে এবং জনগণের চলাচল নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নির্ধারিত স্থান তিনমাথায় ব্যবসা না করে যারা পুনরায় সড়ক দখল করবেন, তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
এদিকে সিটি কর্পোরেশনের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সচেতন বগুড়াবাসী। তাদের দাবি স্টেশন রোড ও এর আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোকে স্থায়ীভাবে দখলমুক্ত রাখতে প্রশাসন নিয়মিত তদারকি বজায় রাখবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183734