বর্তমান সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন করেনি : ছাত্রশিবির সভাপতি

বর্তমান সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন করেনি : ছাত্রশিবির সভাপতি

রংপুর জেলা প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না করলে তরুণ প্রজন্ম সরকারকে লালকার্ড দেখাতে এক মিনিটও দেরি করবে না। বর্তমান সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন করেনি।

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তারা জুলাই সনদে স্বাক্ষর করে জাতির কাছে অঙ্গীকার করেছিল নির্বাচনের পর তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে। লাখ-কোটি মানুষের সামনে তারা যে ওয়াদা করেছিল, তা বাস্তবায়ন না করে জাতির সামনে নিজেদের মুনাফেক হিসেবে উপস্থাপন করেছে।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান কারমাইকেল কলেজের শহিদ মিনার চত্বরে ছাত্রশিবির আয়োজিত ‘নবীন বরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বিগত ১৭ বছর শিবিরের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী সরকার নানা ধরণের প্রপাগান্ডা ছড়িয়েছে। তারা শিবিরকে রগ কাটার দল হিসেবে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছে। এত নিপীড়ন-নির্যাতনের মধ্যে থেকেও আওয়ামী সরকারের আমলে শিবিরের কার্যক্রম তিনগুণ বৃদ্ধি পেয়েছে।

কারমাইকেল কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হক মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল, মহানগর জামায়াতে ইসলামীর আমির এটিএম আজম খান, কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল হোসেন মণ্ডল, উপাধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক রেজাউল করিম শাকিল, মহানগর ছাত্রশিবির সভাপতি আনিসুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে অনার্স প্রথম বর্ষে কারমাইকেল কলেজে ভর্তি হওয়া ১৮টি বিভাগের নিবন্ধিত ২ হাজার শিক্ষার্থী অংশ নেয়। শেষে বিভিন্ন বিভাগের ২ শতাধিক কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183730