বগুড়ার গাবতলীতে জমি দখল করে পাকাঘর নির্মাণের অভিযোগ

বগুড়ার গাবতলীতে জমি দখল করে পাকাঘর নির্মাণের অভিযোগ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে ১২শতক জমি জবরদখল করে বহুতল পাকাবাড়ী নির্মাণ কাজ চলমান রাখার অভিযোগ এনে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা গ্রামে। পুলিশ গত বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সারিয়াকান্দী উপজেলার বাশবাড়ী নারচী গ্রামের ইজার আলীর ছেলে ইব্রাহীম হোসেন পরিবারের গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা গ্রামে পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১২শতক জমি রয়েছে। জাতহলিদা গ্রামের প্রভাবশালী এক ব্যক্তি ওই ১২শতক জমির অবৈধভাবে মালিকানা দাবি করে বহুতল পাকাবাড়ি নির্মাণ কাজ শুরু করে।

এতে বাধা দিতে গেলে ক্ষমতাসীন ওই ব্যক্তির নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসীরা ইব্রাহীম হোসেনকে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে ইব্রাহীম হোসেন বাদি হয়ে জাতহলিদা গ্রামের আজিজার রহমানের ছেলে এরশাদ হোসেনকে প্রধান অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

মডেল থানার এসআই ফিরোজ আহম্মেদ গত বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183707