নতুনদের মধ্যে আলোচনার শীর্ষে পারু

নতুনদের মধ্যে আলোচনার শীর্ষে পারু

 অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের নাট্যাঙ্গনে বিগত কয়েক মাসে অনেক নতুন অভিনেত্রীরই আগমন ঘটেছে। কেউ কেউ তাদের মেধা দিয়ে, নিখুঁত অভিনয় দিয়ে আলোচনায় এসেছেন, দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন। মাত্র আট মাসেই একের পর এক নাটকে অভিনয় করে নতুনদের মধ্যে আলোচনার শীর্ষে চলে এসেছেন নোয়াখালীর মেয়ে একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ‘মিডিয়া অ্যাণ্ড কমিউনিকেশন’ বিষয়ে অনার্স পড়ুয়া ফারিহা রহমান পারু। মিডিয়াতে তার শুরুটা ২০২২ সালে মজোর একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার মধ্যদিয়ে। সেই সময়ে আরো কয়েকটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর পারিবারিক কারণে কাজে নিয়মিত হতে পারেননি। কিন্তু পারু কিছুদিন বিরতি শেষে আবারো বিজ্ঞাপনে কাজ শুরু করেন। একসময় আরাফাত মোহসীণ নিধি’র ‘আৎকা’ ওয়েব সিরিজে কাজ করেন। আদিব হাসানের ‘প্রেম আমার’ নাটকে আরশ খানের বিপরীতে অভিনয় করেই আলোচনায় চলে আসেন তিনি। মিষ্টি হাসির আর মায়াবী চোখের এই মেয়েটির অনবদ্য অভিনয় সবার মন কেড়ে নেয়। নির্মাতারাও তাকে নিয়ে একের পর এক নাটক নির্মাণ শুরু করেন। পারুও যতোগুলো নাটকে অভিনয় করেছেন বিগত আট মাসে প্রত্যেকটি নাটকেই তিনি তার অভিনয়ের সেরাটুকুই দেবার চেষ্টা করেছেন। যে কারণে তার অভিনীত প্রত্যেকটি নাটকই এসেছে আলোচনায়। যারমধ্যে বিশেষত উল্লেখযোগ্য হলো ‘তোকেই মন ছুঁয়ে যায়’, ‘শুধু তুমি আমার’, ‘আশিক প্রিয়া’,‘ ইতি আবির’,‘ ঘুমাওগো জান’,‘ চাচ্চু’,‘ সেফিয়া রঙ্গের বিকেল’,‘ প্রিয় ফুল’ ইত্যাদি। পারু বেশিরভাগই অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা আরশ খানের বিপরীতে। একটা সময় পর্দায় আরশ-বৃষ্টির রসায়ন দর্শক ভীষণ উপভোগ করতেন। আর এখন পর্দায় আরশ আর পারুর রসায়ণ মন ভরে উপভোগ করেন। বিশেষত রোমান্টিক গল্পের নাটকে পারু আর আরশের অনবদ্য অভিনয় মন ছুঁয়ে যায়। যেন দর্শক এই জুটিকে অন্য আর কারো সাথে দেখতে চান না। এরইমধ্যে পারু থাইল্যাণ্ড থেকে ছয়টি নাটকের কাজ শেষ করে এসেছেন। নাটকগুলো নির্দেশনা দিয়েছেন মাবরুর রশীদ বান্নাহ, সোহাগ রানা, মীর আরমান ও বাপ্পী। চারটি নাটকে পারুর বিপরীতে আছেন আরশ খান ও দুটিতে নাওভী। এরইমধ্যে সকাল আহমেদ’র নির্দেশনায় শেষ করেছেন ‘মিথ্যে প্রেম সত্য ভালোবাসা’ নাটকের কাজ। নোয়াখালীর মিলন-শ্যামা দম্পতির দুই মেয়ের এক মেয়ে পারু। পারুর আরেক বোন মালিহা। পারুর জন্মদিন ২৭ জুন। তার বেস্ট ফ্রেণ্ড ইমা, থাকেন ইতালীতে। অল্প সময়ে নিজের অবস্থান এবং আগামীদিনের পরিকল্পনা প্রসঙ্গে পারু বলেন,‘ আমি অভিনয় করতে ভীষণ ভালোবাসি। আমারতো মনে হয় মাসের প্রতিদিন অভিনয়ের মধ্যে থাকতে পারলে আমার ভীষণ ভালোলাগতো। আমি খুউব অল্প সময়ে দর্শকের কাছ থেকে যে সাড়া পেয়েছি, ভালোবাসা পেয়েছি তাতে সত্যিই মুগ্ধ আমি। এই ভালোবাসাটা ধরে রেখেই ভালো ভালো গল্পে কাজ করে আরো বহুদূর যেতে চাই।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183701