স্মার্ট ব্যাংকিং (৪.০) ও প্রযুক্তি নির্ভর উদ্ভাবনে এনসিসি ব্যাংক ও গ্রামীণফোন-এর কৌশলগত অংশীদারিত্বের উদ্যোগ
এনসিসি ব্যাংক পিএলসি. এবং গ্রামীণফোন লিঃ স্মার্ট ব্যাংকিং (৪.০), ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তি নির্ভর উদ্ভাবনকে আরও ত্বরান্বিত করতে কৌশলগত অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে কাজ করছে। সম্ভাব্য এই সহযোগিতার আওতায় ডিজিটাল পেমেন্ট, প্রযুক্তি নির্ভর ্র আর্থিক সেবা, গ্রাহক অভিজ্ঞতার উন্নয়ন এবং বাংলাদেশের ক্যাশলেস অর্থনীতির অগ্রযাত্রায় সহায়ক বিভিন্ন উদ্যোগকে গুরুত্ব দেওয়া হবে।
সম্প্রতি গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বৈঠকে উভয় প্রতিষ্ঠানের কৌশলগত লক্ষ্য, প্রযুক্তিগত সক্ষমতা, ডিজিটাল ইকোসিস্টেম এবং সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। এ সময় এনসিসি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, এসভিপি ও আইসিটি বিভাগের প্রধান মো. সাজ্জাদুল ইসলাম এবং রিটেইল ও ডিএফএস বিজনেস ইউনিটের ইউনিট হেড এস. এম. তানভীর হাসান। গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব লার্জ অ্যাকাউন্টস্ এম. শাওন আজাদ, হেড অব লার্জ অ্যাকাউন্টস্ ৪ মাহাবুবুর রহমান, কী অ্যাকাউন্ট ম্যানেজার সুমাইয়া তারান্নুম, হেড অব প্রোডাক্ট, পার্টনারশিপ অ্যান্ড অপারেশনস মো. মাহবুবুল আলমসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বৈঠকে গ্রামীণফোনের বিস্তৃত ডিজিটাল ইকোসিস্টেম ও প্রযুক্তিগত সক্ষমতার সঙ্গে এনসিসি ব্যাংকের ব্যাংকিং অভিজ্ঞতা ও আর্থিক সেবার সক্ষমতাকে সমন্বয় করে নতুন সুযোগ তৈরির বিষয়ে আলোচনা হয়। সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে উদ্ভাবনী ডিজিটাল পণ্য ও সেবা, ডিজিটাল পেমেন্ট সল্যুশন, যৌথ ডিজিটাল উদ্যোগ ও ক্যাম্পেইন এবং গ্রাহককেন্দ্রিক প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা। এ সহযোগিতা আরও সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট অভিজ্ঞতা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি এবং ক্যাশলেস অর্থনীতির অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এ প্রসঙ্গে এনসিসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, “গ্রামীণফোনের সঙ্গে আমাদের এই সহযোগিতা বিশ্বমানের ব্যাংকিং সেবা প্রদানের ক্ষেত্রে এনসিসি ব্যাংকের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করে। গ্রামীণফোনের শক্তিশালী প্রযুক্তি ও ডিজিটাল সক্ষমতার সঙ্গে এনসিসি ব্যাংকের ব্যাংকিং অভিজ্ঞতা ও আর্থিক সেবার সমন্বয়ের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের জন্য আরও সহজ, নির্বিঘ্ন ও নিরাপদ ডিজিটাল পেমেন্ট অভিজ্ঞতা তৈরি করতে চাই। আমরা বিশ্বাস করি, এই যৌথ উদ্যোগ বাংলাদেশের ডিজিটাল ও ক্যাশলেস অর্থনীতির অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে।”
গ্রামীণফোন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, “ডিজিটাল সেবা মানুষের জীবনকে আরও সহজ ও সংযুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এনসিসি ব্যাংকের সঙ্গে আমাদের এই সহযোগিতা গ্রাহকদের জন্য আরও উদ্ভাবনী, সুবিধাজনক ও প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা তৈরির নতুন সুযোগ সৃষ্টি করবে। গ্রামীণফোনের বিস্তৃত ডিজিটাল ইকোসিস্টেম এবং এনসিসি ব্যাংকের শক্তিশালী ব্যাংকিং সক্ষমতাকে কাজে লাগিয়ে আমরা এমন সমাধান তৈরিতে আগ্রহী, যা গ্রাহকদের যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে নিরাপদ ও নির্বিঘ্ন ডিজিটাল পেমেন্ট সুবিধা দেবে। এই অংশীদারিত্ব বাংলাদেশের ডিজিটাল রূপান্তর ও ক্যাশলেস অর্থনীতির অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে বলে আমরা আশাবাদী।”
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183690