ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৫৮ বিমান হামলা সৌদির
আন্তর্জাতিক ডেস্ক : হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য শনিবার রাত থেকে রোববার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৫৮টি বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। হুথি গোষ্ঠীর সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারী এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় ইয়াহিয়া সারী বলেন, গত ২৪ ঘণ্টায় অপরাধী সৌদি শত্রুরা ইয়েমেনে ৫৮টি বিমান অভিযান চালিয়েছে। ইয়েমেনের হুথিপন্থি টেলিভিশন চ্যানেল আল মাসিরাহ তাদের প্রতিবেদনে জানিয়েছে, উত্তর ইয়েমেনের সা’দা, মোনাব্বিহ জেলা এবং আল জৌফ প্রদেশে পরিচালনা করা হয়েছে এসব অভিযান। এই তিন এলাকাই হুথি বাহিনীর শক্তিশালী ঘাঁটি এলাকা।
১২ সেপ্টেম্বর শনিবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় সারুরাহ সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল সৌদি, তার পাল্টা জবাব দিতেই সৌদি বিমান বাহিনী এসব বিমান অভিযান পরিচালনা করেছে বলে ধারণা করা হচ্ছে। আগস্টের শেষ সপ্তাহ থেকে হুথি গোষ্ঠীর সঙ্গে তীব্র উত্তেজনা শুরু হয়েছে সৌদি আরবের। ইতোমধ্যে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা করে সৌদি আরবের জ্বালানি খাতের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির পর গত ১১ সেপ্টেম্বর রাতে লোহিত সাগর ও এডেন সাগরকে সংযুক্তকারী বাব এল মান্দেব প্রণালি দখল করেছে হুথি যোদ্ধারা, যা সৌদির জন্য বড় দুঃসংবাদ। কারণ, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাব এল মান্দেব প্রণালি দিয়ে এত দিন নিজেদের অধিকাংশ জ্বালানি তেল রপ্তানি করে আসছিল সৌদি আরব।
গত ৮ সেপ্টেম্বর থেকে ইয়েমেনে বিমান অভিযান পরিচালনা করছে সৌদি আরব। হুথি বিদ্রোহীদের তথ্য অনুযায়ী রোববারের আগ পর্যন্ত ১৩০টিরও বেশি বিমান অভিযান পরিচালনা করেছে সৌদি বিমানবাহিনী। ইয়েমেনের সেনাবাহিনীও উত্তর ইয়েমেন এবং রাজধানী সানা-কে হুথিদের দখলমুক্ত করতে অভিযানে নেমেছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো মুখপাত্র ইয়েমেনে সাম্প্রতিক বিমান অভিযান নিয়ে কোনো মন্তব্য করেননি, তবে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, সৌদির বিমান অভিযানগুলো এখন পর্যন্ত মূলত সম্মুখসারিতে ইয়েমেনি সরকারি বাহিনীর সহায়তার ওপরই সীমাবদ্ধ আছে; রাজধানী সানা-সহ হুথিদের ক্ষমতার মূল কেন্দ্রগুলোকে এখনও লক্ষ্যবস্তু করা হয়নি। সূত্র : এএফপি
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183644