পাবনার চাটমোহরের শারমিন এখন ‘মাল্টা ভাবি’
চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের শারমিন খাতুন এখন উপজেলা জুড়ে পরিচিতি পেয়েছেন ‘মাল্টা ভাবি’ হিসেবে। তিনি হয়ে উঠেছেন একজন সফল কৃষি উদ্যোক্তা।
আর এই মাল্টা চাষে তিনি পেয়েছেন আশাতীত সাফল্য। সম্বল তার শুধু বসতভিটা। কিন্তু পরিবারের কাজের পাশাপাশি নিজের আলাদা পরিচয় গড়ার স্বপ্ন ছিল তার। তাই সাহস করে দুই বিঘা জমি চুক্তিতে নিয়ে গড়ে তুলেছেন মাল্টার বাগান।
প্রত্যন্ত গ্রামে হলেও শারমিন খাতুনের ফলানো মাল্টা দেখতে মানুষ ভিড় করছেন দলে দলে। কেউ জানছেন চাষ পদ্ধতি, কেউ শুনছেন লাভের হিসাব। শারমিনের বাগানে উৎপাদিত মাল্টা আকারে বিদেশি মাল্টার মতোই। স্বাদও ভালো। দাম বিদেশি মাল্টার চেয়ে কম হওয়ায় এর কদরও অনেক। ইতিমধ্যে শারমিন আরও এক বিঘা জমি চুক্তিতে নিয়ে হলুদ বর্ণের মাল্টা চাষ শুরু করেছেন।
শারমিন খাতুন বলেন, শুরুর দিকে মাল্টার বাগান করা নিয়ে আশপাশের অনেকে কটাক্ষ করলেও তিনি থেমে যাননি। বরং এগিয়েছেন আরও উদ্যম নিয়ে। এভাবে তিনি সফল হয়েছেন। এখন এলাকার সবাই তাকে মাল্টা ভাবি ডাকে।
উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ বলেন, শারমিন খাতুনের মতো উদ্যোগী কৃষকদের কৃষি অফিস বিশেষ যত্ন করে থাকে। আমরা তাকে এ বিষয়ে প্রশিক্ষণ দিয়েছি। ফলের মেলায় শারমিন খাতুনের মাল্টা প্রদর্শনের পর অনেক কৃষক মাল্টা চাষে আগ্রহ দেখাচ্ছেন। আশা করা যায়, উপজেলায় দিন দিন মাল্টা চাষ সম্প্রসারিত হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183619