পদ্মায় নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ভেসে উঠলো ছাত্রদল নেতার মরদেহ

পদ্মায় নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ভেসে উঠলো ছাত্রদল নেতার মরদেহ

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সাথে পিকনিকের নৌকা ধাক্কা লেগে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হন রাকিবুজ্জামান রকি নামে এক ছাত্রদল নেতা। দীর্ঘ ৩৮ ঘণ্টা পর পদ্মার শাখা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঈশ্বরদীর চরকুড়লিয়া আকাতের ঘাটে মরদেহটি পাওয়া যায়।

জানা যায়, গত শুক্রবার সকালে কুষ্টিয়ার কাতলাগাড়ী গড়াই নদী থেকে পদ্মা নদীতে নৌকাযোগে পিকনিকে বের হয় প্রায় শতাধিক ভ্রমণকারী। ভ্রমণ শেষে ফেরার পথে রাত ৯টার পর হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারের সাথে ট্রলারটির ধাক্কা লাগে। এসময় ছাত্রদল নেতা রকিসহ তিনজন নদীতে ছিটকে পড়েন।

কিছুক্ষণ পরেই নৌপুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে মো. লিটন (৩৮) ও মো. ওয়াহাব (৪৫) নামে দু’জনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ রয়ে যায় ছাত্রদল নেতা রকি। লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শফি খান এ তথ্য নিশ্চিত করেছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183611