রাজশাহীতে বিদেশি অস্ত্রসহ স্ত্রী গ্রেফতার, পলাতক স্বামীর বিরুদ্ধে ১৫ মামলা
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাঘায় দু’টি অবৈধ বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলিসহ রোজিনা খাতুন (৪৫) নামের এক নারীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তবে অভিযানের বিষয়ে টের পেয়ে তার স্বামী রুবেল হোসেন (৪৭) ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আলাইপুর নাপিতপাড়া গ্রামে পরিচালিত এক অভিযানে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গ্রেফতার রোজিনা খাতুন ওই গ্রামের রুবেল হোসেনের স্ত্রী। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন জানান, গতকাল শনিবার রাতে বাঘা এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ছিল ডিবি পুলিশের একটি দল।
এসময় গোপন সংবাদ আসে যে আলাইপুর গ্রামে রুবেল ও তার স্ত্রীর কাছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র মজুত রয়েছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে ঝটিকা অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে রোজিনা খাতুন পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শয়নকক্ষের খাটের নিচে তল্লাশি চালিয়ে দু’টি বিদেশি পিস্তল, তিনটি খালি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, অভিযানের সময় কৌশলে পালিয়ে যাওয়া রুবেল হোসেনকে গ্রেফতারে অভিযান চলছে।
গ্রেফতার রোজিনার বিরুদ্ধে বাঘা থানায় আগের একটি মামলা রয়েছে। অন্যদিকে পলাতক স্বামী রুবেলের বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় ১৩টি, নরসিংদীতে একটি এবং কুষ্টিয়া জেলায় একটিসহ মোট ১৫টি মামলা রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183600