১০ বছরে পিএসএল একজন ব্যাটারও কি তৈরি করেছে: ওয়াসিম

১০ বছরে পিএসএল একজন ব্যাটারও কি তৈরি করেছে: ওয়াসিম
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাতিয়ে এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা ভারতীয় বিস্ময়বালক বৈভাব সুর্যবংশীকে উদাহরণ হিসেবে টেনে পাকিস্তানের ক্রিকেটে ব্যাটিং প্রতিভা তৈরির কাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির পেস বোলিং কিংবদন্তি ওয়াসিম আকরাম। তার মতে, এক দশক পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অসাধারণ কোনো ব্যাটিং প্রতিভা তৈরি করতে পারেনি পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।
 
সুর্যবংশীর বয়স মাত্র ১৫ বছর। এত অল্প বয়সেই ব্যাটিং দিয়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন সৃষ্টি করেছেন তিনি। ২০২৫ সালে মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে অভিষেক হয় বাঁহাতি এই ব্যাটারের। প্রথম আসরেই সেঞ্চুরি করে নিজের প্রতিভার জানান দেন তিনি।
 
এরপর ২০২৬ সালের আইপিএল আসরে নিজেকে আরও দারুণভাবে মেলে ধরেন সুরিয়াভানশি। টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে জিতে নেন বেশ কয়েকটি পুরস্কার। আইপিএলে তার পারফরম্যান্সের পর শুরু হয় ব্যাপক আলোচনা। এরই ধারাবাহিকতায় ভারতের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার।
 
তবে ইংল্যান্ড সিরিজে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি ভারতের ইতিহাসের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার। ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টিতে তার সংগ্রহ ছিল মোট ৪২ রান। পরে জিম্বাবুয়ে সফরে ব্যাট হাতে প্রতিভার ঝলক দেখান তিনি।
 
 
 
পিএসএলের পাশাপাশি আইপিএলেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে ওয়াসিম আকরামের। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের সর্বোচ্চ উইকেটশিকারি এই কিংবদন্তির মতে, পিএসএল কিছু বোলিং প্রতিভা তুলে আনতে পারলেও এখনো শীর্ষমানের কোনো ব্যাটসম্যান তৈরি করতে পারেনি।
 
ওয়াসিম বলেন,‘পিএসএল শুরু হওয়ার পর ১০ বছর কেটে গেছে, কিন্তু পিএসএল কি একজন ব্যাটসম্যানও তৈরি করতে পেরেছে? হ্যাঁ, আমরা কয়েকজন বোলার পেয়েছি। কিন্তু আমাকে বলুন তো, উল্লেখযোগ্য কোনো ব্যাটিং প্রতিভা কি আমরা পেয়েছি?’
 
পাকিস্তান ক্রিকেটে কী ধরনের প্রতিভা খুঁজে বের করা এবং গড়ে তোলা প্রয়োজন, তা বোঝাতে ভারতের বৈভাব সুরিয়াভানশির প্রসঙ্গ টানেন ওয়াসিম।
 
তিনি বলেন, ‘আমার মনে হয়, আমরা যখন ওই ১৪ বছর বয়সীর মতো কোনো ব্যাটিং প্রতিভা তৈরি করতে পারব, তখনই উন্নতি দেখা যাবে।’
 
অল্প বয়সেই অসাধারণ ব্যাটিং প্রতিভা চিহ্নিত করা এবং তাদের যথাযথভাবে গড়ে তোলার জন্য পাকিস্তানে কার্যকর একটি ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ওয়াসিম। তবে তার মতে, পাকিস্তানের ক্রিকেটে প্রতিভা তৈরির সংকট শুধু পিএসএলের মধ্যেই সীমাবদ্ধ নয়।
 
দীর্ঘ সংস্করণের ক্রিকেটে পাকিস্তানের পারফরম্যান্স উন্নত করতে ক্লাব ক্রিকেটকে পুনরুজ্জীবিত করার ওপরও গুরুত্ব দিয়েছেন সাবেক এই তারকা পেসার।
 
ওয়াসিম বলেন, ‘লাল বলের ক্রিকেটে উন্নতি করতে চাইলে, ক্লাব ক্রিকেটকে পুনরুজ্জীবিত করতে হবে। পিসিবির উচিত করাচি ও লাহোরে ১০ কোটি রুপি করে খরচ করা, যেহেতু প্রতিভা ক্লাব ক্রিকেট থেকে আসে।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183575