ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান: ঢাবি উপাচার্যকে ছাত্রদলের স্মারকলিপি, লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান: ঢাবি উপাচার্যকে ছাত্রদলের স্মারকলিপি, লিফলেট বিতরণ

ঢাবি প্রতিনিধি:  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।এ দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে সংগঠনটি।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে পরিচালিত ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর ধারাবাহিকতায় এ কর্মসূচি পালিত হয়। স্মারকলিপি প্রদানকালে ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ এবং এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা উপস্থিত ছিলেন। স্মারকলিপি প্রদান শেষে নেতাকর্মীরা উপাচার্যের কার্যালয়সংলগ্ন ভিসি চত্বর থেকে টিএসসি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এর আগে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, “উপাচার্য মহোদয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের সামনে আমরা ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশগত পরিচ্ছন্নতার বিষয়ে নিয়মিত কার্যকর অভিযান পরিচালনার দাবি জানিয়েছি।” তিনি বলেন, “গত ৪ আগস্ট উপাচার্য মহোদয় বরাবর আমরা যে স্মারকলিপি দিয়েছিলাম, তাতে ডাস্টবিন স্থাপন ও নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা নিশ্চিত করার মতো সুনির্দিষ্ট দাবি ছিল। আজকের স্মারকলিপিতে সেসব দাবি বাস্তবায়নের বিষয়েও আমরা প্রশাসনকে তাগিদ দিয়েছি।” এ বিষয়ে সংগঠনটির সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “আমরা আমাদের সাংগঠনিক পরিসর থেকে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতাকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের নিয়ে কোনো কর্মসূচি গ্রহণ করলে প্রয়োজনে স্বেচ্ছাসেবার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনকে সার্বিক সহযোগিতা করব।” তিনি আরও বলেন, “আমাদের হল শাখাগুলো আগামীকাল থেকে নিজ নিজ হল প্রশাসনের কাছে এ বিষয়ে স্মারকলিপি প্রদান ও আলোচনা করবে। পাশাপাশি হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করবে।”

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183554