ববিতা’য় অনুপ্রাণিত হয়ে নায়িকা হলেন অধরা খান
অভি মঈনুদ্দীন ঃ এই প্রজন্মের নায়িকারা পূর্বের অনেক নায়িকাদের দ্বারা প্রভাবিত হয়ে বা অনুপ্রাণিত হয়ে সিনেমায় নায়িকা হিসেবে নিজেদের নাম লেখান। সেই ক্ষেত্রে এই প্রজন্মের নায়িকাদের প্রিয় নায়িকার ক্ষেত্রে যাদের নাম বেশি আসে তারা হলেন শাবানা, শাবনূর, মৌসুমী’সহ আরো বেশ কয়েকজন। কিন্তু এই প্রজন্মের নন্দিত মিষ্টি হাসির নায়িকা অধরা খানের ক্ষেত্রে তার অনুপ্রেরণার নায়িকা উপমহাদেশের আন্তর্জাতিতক খ্যাতি সম্পন্ন নায়িকা ববিতা। খুউব ছোটবেলা থেকেই অধরার প্রিয় নায়িকা ববিতা। তার অভিনয় তার ব্যক্তিত্ব সবসময়ই অধরাকে মুগ্ধ করে। ববিতা যেমন অভিনয় জীবন শুরুতে চিকন চাকন হালকা গড়নের ছিলেন অধরাও ঠিক এই মুহুর্তে ববিতার নায়িকা জীবনের শুরুর কালের মতোই দেখতে। যদিও নায়িকা হিসেবে এক দশকেরও বেশি সময় পার করে ফেলেছেন অধরা। কিন্তু এই চলচ্চিত্রাঙ্গনে থেখেও তার একটি বারের জন্যও ববিতাকে কাছে থেকে দেখার সুযোগ হয়ে উঠেনি তার। এতো ভালোবাসার, এতো শ্রদ্ধার একজন নায়িকাকে না দেখতে পারাটাও অধরার কাছে ভীষণ আফসোসের।
গতকাল কানাডায় অধরার সঙ্গে কথা বলার এক ফাঁকে তার এই আফসোসের কথা প্রকাশ করেন তিনি। তবে ববিতাকে ঘিরে বিশেষ একটা পরিকল্পনা আছে তার, এমনটাও জানালেন তিনি। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো বা ববিতাকে ঘিরে তার সেই স্বপ্নটা পূরণও হতে পারে। অধরা বলেন,‘ সেই ছোটবেলা থেকেই ববিতা ম্যাডামের ভীষণ ভক্ত আমি বলা যায় অন্ধ ভক্ত। তার অভিনীত টাকা আনা পাই, অরুনোদয়ের অগ্নিস্বাক্ষী’, স্বাক্ষী, আলোর মিছিল, বন্দিনী, বিরাজ বৌ, অশনি সংকেত, গোলাপী এখন ট্রেনে, নয়ন মনি, দীপ নাম্বার টু, মায়ের অধিকার, স্বপ্নের পৃথিবী’সহ আরো বেশকিছু সিনেমায় তার অভিনয়, তার এক্সপ্রেসন, তার হাসি, তার চোখ, তার গেটআপ, তার পার্সোনালিটি আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। এমন একজন নায়িকা আমাদের দেশের নায়িকা এটা ভাবলেই গর্বে বুক ভরে যায়। অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের নায়িকা তিনি, অনেক অনেক বড় বিষয় এটা। কারণ আর কেউ এই দেশ থেকে সত্যজিৎ-এর সিনেমার নায়িকা হতে পারেনি। শ্রদ্ধেয় ববিতা ম্যাডাম আমার ভীষণ অনুপ্রেরণার একজন নায়িকা। তার মতো হবার স্বপ্ন দেখার দুঃসাহস আমার নেই। তবে আমি তাকে ফলো করি, নিজের মতো করেই আমি আগামীর পথে এগিয়ে চলি। আমি মনেকরি তিনি আছেন আমার মাথার উপর ছায়া হয়ে-এটাই আমার ভালোলাগা।’ অধরা এই মুহুর্তে কানাডার টরেন্টোতে আছেন। সেখানে তিনি বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত। পাশাপাশি কিছুদিন পর বাংলাদেশী একটি সিনেমার কাজও শুরু করতে যাচ্ছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183550