বেনাপোল দিয়ে ভারত থেকে আমদানি হলো সাড়ে ৩ লাখ কেজি ইলিশ

বেনাপোল দিয়ে ভারত থেকে আমদানি হলো সাড়ে ৩ লাখ কেজি ইলিশ

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গত দুই মাসে বিপুল পরিমাণ ইলিশ মাছ আমদানি করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের জুলাই ও আগস্ট মাসে এই স্থলবন্দর দিয়ে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ বাংলাদেশে এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার সজীব সাহা।

ফিশারিজ কোয়ারেন্টাইন কার্যালয় সূত্রে জানা গেছে, গত দুই মাসে মোট ২২টি আমদানিকারক প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। প্রতিষ্ঠানগুলো হলো—বেনাপোলের মেসার্স সততা ফিস, মেসার্স রাব্বি এন্টারপ্রাইজ, মেসার্স সততা ফিস ফিড, মেসার্স ফেমাস ট্রেডার্স ও মেসার্স রিয়ান্স হাব; যশোরের মেসার্স এইচ এম আর ইন্টারন্যাশনাল, মেসার্স এন. কে ইন্টারন্যাশনাল, মেসার্স সুরাইয়া ট্রেড ইন্টারন্যাশনাল ও মেসার্স আরকিন ইন্টারন্যাশনাল; বাগআঁচড়ার মেসার্স জনতা ফিস; ঢাকার মেসার্স স্বর্ণালী এন্টারপ্রাইজ, মেসার্স শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল, মেসার্স রুপা এন্টারপ্রাইজ, মেসার্স মারিয়াম এন্টারপ্রাইজ ও মেসার্স সাজ্জাদ এন্টারপ্রাইজ; খুলনার মেসার্স বিশ্বাস ইন্টারন্যাশনাল; সাতক্ষীরার মেসার্স জান্নাত এন্টারপ্রাইজ ও মেসার্স আশিক এন্টারপ্রাইজ এবং পাবনার মেসার্স নোমান এন্টারপ্রাইজসহ ২২টি প্রতিষ্ঠান।

বেনাপোল স্থলবন্দর ফিশারিজ কোয়ারেন্টাইন কার্যালয়ের পরিদর্শক আশওয়াদুল আলম বলেন, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসেই বেনাপোল স্থলবন্দর দিয়ে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি করা হয়েছে। এর মধ্যে জুলাই মাসে তিনটি আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে ২৯ হাজার ৪৪০ কেজি ইলিশ বাংলাদেশে এসেছে। আগস্ট মাসে ১৯টি আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে আরও ৩ লাখ ২৩ হাজার ৩৪৬ কেজি ইলিশ আমদানি করা হয়েছে।

তিনি জানান, আমদানি করা এসব ইলিশের মূল্য দেখানো হয়েছে ৬ কোটি ৯২ লাখ ৯৪ হাজার ৫১০ টাকা। এর মধ্যে জুলাইয়ে আমদানি করা ইলিশের মূল্য ছিল ৩৫ লাখ ৪৮ হাজার ৭৯৬ টাকা এবং আগস্টে ৬ কোটি ৫৭ লাখ ৪৫ হাজার ৭১৪ টাকা।

খোঁজ নিয়ে জানা গেছে, বেনাপোল স্থলবন্দর দিয়ে ইলিশ আমদানি হওয়ায় বেনাপোল, শার্শা, বাগআঁচড়া, নাভারণ, যশোর বড় বাজারসহ জেলার বিভিন্ন মাছের বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে। তবে ব্যবসায়ীদের কাছে এসব মাছ ‌‌‘মিয়ানমারের ইলিশ’ নামে পরিচিত। ক্রেতাদের অভিযোগ, দেশি ইলিশ মনে করে এসব মাছ কিনে প্রতারিত হচ্ছেন তারা। স্বাদ ও গন্ধে দেশি ইলিশের সঙ্গে বিস্তর পার্থক্য থাকলেও অনেক ক্ষেত্রে ক্রেতাকে তা জানানো হচ্ছে না।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183544