মা হওয়ার ঘোষণা দিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান

মা হওয়ার ঘোষণা দিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান

বিনোদন ডেস্ক : সদ্য শুরু হওয়া টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের (টিআইএফএফ) আসরে উপস্থিত হয়ে সন্তান আগমনের কথা প্রকাশ করেছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান।

আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো অংশ নিয়েই সবার নজর কাড়েন মাহিরা। ঐতিহ্যবাহী শাড়ি পরে আলোকচিত্রীদের সামনে গর্বের সঙ্গে নিজের বেবি বাম্প প্রদর্শন করেন তিনি। 

পাশাপাশি ৪১ বছর বয়সী এই অভিনেত্রী তার সামাজিক মাধ্যমে ম্যাটারনিটি ফটোশুটের একাধিক ছবিও প্রকাশ করেছেন। তাতে দেখা যায়, লম্বা ও ঢিলেঢালা সাদা রঙের ফুল হাতা গাউনে বেশ আকর্ষণীয় রূপে ধরা দিয়েছেন মাহিরা। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, “আমরা পরিকল্পনা করি, আর তারপর থাকে আল্লাহর পরিকল্পনা।”

সুখবরটি প্রকাশ্যে আসতেই ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন।

২০২৩ সালের অক্টোবরে পাকিস্তানের ভুরবানে ব্যবসায়ী সেলিম করিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিরা খান। বিয়ের প্রায় তিন বছর পর এই দম্পতির ঘরে প্রথম সন্তান আসতে চলেছে। তবে অভিনেত্রী হিসেবে মাহিরার এটি দ্বিতীয় সন্তান। প্রথম স্বামী আলী আসকারির সংসারে আজলান নামের ১৭ বছর বয়সী এক পুত্রসন্তান রয়েছে তার। ২০০৭ সালে আলী আসকারির সঙ্গে বিয়ের পর ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183532