নাটোরের সিংড়ায় বিদ্যুতের অভাবে অন্ধকার হাসপাতাল, টর্চ লাইটে চলছে চিকিৎসা
সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল শনিবার দুপুর ১২টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। হাসপাতালে ডিউটিরত আনসার সদস্যের হাতের টর্চ লাইটের চলছে চিকিৎসা সেবা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিদ্যুৎবিহীন রয়েছে ৫০ শয্যাবিশিষ্ট সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি গরমে রোগীদের ভোগান্তি বেড়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও গুরুতর রোগীদের নিয়ে বিপাকে পড়েছেন স্বজনরা।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগীদের সেবা সচল রাখতে জেনারেটর চালু রয়েছে। তবে রোগীদের অভিযোগ, জেনারেটরও ঠিকমতো চলছে না। ফলে বিদ্যুৎ না থাকায় হাসপাতালজুড়ে দুর্ভোগ আরও বেড়েছে।
পবিস-১ এর সিংড়া জোনাল অফিসের ডিজিএম সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল থেকে আমরা কাজ শুরু করি। পরে ধরা পড়েছে অভ্যন্তরীণ লাইন সমস্যা।
সিংড়া উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, শনিবার থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আজকের দুপুরের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। হাসপাতালের জেনারেটর চালু রয়েছে সেইটা কতক্ষণ চলবে বলা যাচ্ছে না। হাসপাতালের লাইনের ফল্ট থাকায় এটা হয়েছে। আমরা দ্রুত সমাধানের চেষ্টা করছি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183508