বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে হাবিপ্রবির উদ্ভাবিত ১২টি পণ্য প্রশংসা কুড়াচ্ছে
দিনাজপুর জেলা প্রতিনিধি: বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ এ স্থান পেয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক ও প্লান্ট প্যাথলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মহিদুল হাসান ও ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন বিভাগের প্রফেসর ড. মারুফ আহমেদের উদ্ভাবিত ১২ টি পণ্য।
উদ্ভাবন, গবেষণা, শিল্প ও উদ্যোক্তাদের মাঝে কার্যকর সংযোগ স্থাপন এবং উদ্ভাবনকে বাজার ও অর্থনৈতিক কর্মকাণ্ডে রূপান্তরের লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল শনিবার ঢাকায় শেরে বাংলা নগরের নভোথিয়েটারে শুরু হয়েছে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’।
গতকাল শনিবার থেকে আগামীকাল সোমবার পর্যন্ত তিন দিনব্যাপী শুরু হওয়া গবেষণাধর্মী আয়োজনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উক্ত গবেষণাধর্মী আয়োজনে অংশ নিয়েছেন হাবিপ্রবির দুইজন গবেষকের ১২ টি পণ্য।
তন্মধ্যে প্লান্ট প্যাথলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মহিদুল হাসানের উদ্ভাবিত ৩টি কৃষি পণ্য জৈব- ছত্রাক নাশক: সয়েল কিং, ক্রপ কিং এবং ট্রাইকো কম্পোস্ট, প্রফেসর ড. মো. মহিদুল হাসানের উদ্ভাবিত জৈব ছত্রাক নাশকটি মাটিতে বসবাসকারি ক্ষতিকর জীবাণুকে মেরে মাটির গুণাগুণ বজায় রাখে। পাশাপাশি এটি গাছের বিভিন্ন অংশ যেমন পাতা, কান্ড, ফল ইত্যাদিতে আক্রমণকারী ছত্রাকের বিরুদ্ধে দারুণ কাজ করে। এছাড়া এটি গাছের বৃদ্ধির পাশাপাশি ফলের সংখ্যা এবং গুণাগুণ বৃদ্ধি করে।
প্রফেসর ড. মো. মহিদুল হাসান বলেন, নিয়ম মেনে এই জৈব ছত্রাকনাশক টমেটো গাছে স্প্রে করার পর একটি গাছে ৮০-৯০টা টমেটো ধরেছে। সেইসাথে অনেক শাখা প্রশাখা হয়েছে। অপরদিকে যে গাছে ট্রাইকোডার্মা ব্যবহার করা হয় নি সেখানে ৪০-৫০টা টমেটো ধরেছে। গবেষক আরও বলেন, এই জৈব ছত্রাকনাশকটিতে দুটি ভিন্ন রকমের ট্রাইকোডার্মার স্পেসিস ব্যবহার করা হয়েছে যা বাজারে অন্যান্য ছত্রাক নাশক থেকে একে ভিন্নতা প্রদান করেছে।
অপরদিকে ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন বিভাগের প্রফেসর ড. মারুফ আহমেদ উদ্ভাবিত ৯টি খাদ্য পণ্য তরমুজের খোসা ও কাঁচা পেঁপে দিয়ে তৈরি টুটি ফ্রুটি, কাঁঠালের গুড়, দীর্ঘসময় সংরক্ষণযোগ্য লিচু, টক দইয়ের পাউডার, মিষ্টি দইয়ের পাউডার, হাইড্রোজ ফ্রি মোরব্বা, তাপ-প্রক্রিয়াজাত ব্লাক গার্লিক, জিরো ওয়েস্ট টমেটো পাউডার এবং টমেটো সস পাউডার।
দীর্ঘ সময় সংরক্ষণযোগ্য লিচু এবং দইয়ের পাউডার তৈরির মাধ্যমে প্রচলিত খাদ্যপণ্যের সংরক্ষণ ও ব্যবহারে নতুন ধরণ যুক্ত হয়েছে। অন্যদিকে তাপ-প্রক্রিয়াজাত ব্লাক গার্লিক, হাইড্রোজ ফ্রি মোরব্বা এবং জিরো ওয়েস্ট টমেটো পাউডারে ভিন্ন প্রক্রিয়াজাতকরণ ও কাঁচামালের ব্যবহারের ধারণা রয়েছে।
এসব পণ্যের মূল আকর্ষণ হলো স্থানীয় কৃষিপণ্যকে নতুনভাবে ব্যবহার করে মূল্য সংযোজন করা এবং কৃষিজ উপাদানের অপচয় কমানোর চেষ্টা। বিশেষ করে যে উপাদানগুলো সাধারণত কম ব্যবহৃত হয়, সেগুলোকে খাদ্যপণ্য তৈরিতে কাজে লাগানো এ উদ্যোগের অন্যতম দিক।
উক্ত ইনোভেশন ফেয়ারে উদ্ভাবক এবং শিক্ষার্থীদের মাঝে প্রেরণা যোগাতে হাবিপ্রবির স্টলে উপস্থিত ছিলেন, হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা ও উপ-উপাচার্য প্রফেসর ড. মো. নওশের ওয়ান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183469