সিরাজগঞ্জের বেলকুচিতে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিক্ষোভ
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর চালা পলাশ মার্কেট এলাকায় দীর্ঘদিন মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে মোহাম্মদ আলীর পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী। গতকাল শুক্রবার জুমার নামাজের পর পাশের দুই মসজিদের মুসল্লি, ইমাম ও স্থানীয় বাসিন্দারা আলীর পরিবারের বাড়িতে গিয়ে মাদক ব্যবসা বন্ধের জন্য সতর্ক করেন।
স্থানীয়দের অভিযোগ, চর চালা পলাশ মার্কেট এলাকার বাসিন্দা আলী ও তার ছেলে আমিরুল, ফজলু, আরিফুলসহ পরিবারের সকল সদস্য দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত। এলাকাবাসীর দাবি, তাদের একাধিকবার সতর্ক করা হলেও মাদক ব্যবসা বন্ধ হয়নি। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে দুই মসজিদের মুসল্লি, ইমাম ও স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে ওই পরিবারের বাড়িতে যান।
এ সময় তারা পরিবারের সদস্যদের মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান। একই সাথে ভবিষ্যতে এলাকায় কোনো ধরণের মাদক ব্যবসা পরিচালনা না করার জন্য কঠোরভাবে সতর্ক করেন তারা।
বিক্ষোভকারীরা বলেন, মাদক ব্যবসার কারণে এলাকার যুবসমাজসহ বিভিন্ন বয়সী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন এলাকায় মাদকের বিস্তার রোধে স্থানীয়ভাবে বিভিন্নভাবে চেষ্টা করা হলেও প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। তাই মাদক নির্মূলে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা।
স্থানীয়দের আরও দাবি, অভিযুক্ত পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক মাদকসহ অন্যান্য মামলার অভিযোগ রয়েছে। পরিবারের বড় ছেলে আমিরুল একটি মামলায় কারাগারে রয়েছে এবং ওই মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে বলে এলাকাবাসী দাবি করেন। ঘটনার বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোক্তারুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183456