বগুড়ায় নানার সম্পত্তি জবরদখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদ : সংবাদ সম্মেলনে চার বোন
স্টাফ রিপোর্টার : নানার মৃত্যুর পর ওয়ারিশমূলে প্রাপ্ত সম্পত্তি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন চার বোন। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তারা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জোবাইদা জাফর অভিযোগ করেন, তাদের নানা আব্দুল খালেক মারা যাওয়ার পর ওয়ারিশসূত্রে তাদের মা খালেদা খাতুন প্রায় ১ শতক সম্পত্তির মালিক হন।
এই সম্পত্তি বগুড়া মহানগরের কেন্দ্রীয় বড় (জামে) মসজিদের দক্ষিণে অবস্থিত। তাদের মা ওই সম্পত্তি ভোগদখলরত অবস্থায় মারা যাওয়ার পর থেকে মামা ও মামাতো ভাইরা সেই সম্পত্তি জবরদখল করে আছেন এবং বর্তমানে তারা চার বোন তাদের ন্যায্য অংশ ভোগ করতে গেলে মামারা তাদের হুমকি দিচ্ছেন।
সংবাদ সম্মেলনে তারা দাবি করে বলেন, নানার সম্পত্তি উদ্ধারের জন্য সালিশ থেকে শুরু করে থানা পুলিশ পর্যন্ত ঘুরেও কোনো প্রতিকার না পেয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী চার বোন প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
তারা তাদের মায়ের প্রাপ্ত জমি অবৈধ দখলমুক্ত করে নিজেদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান এবং এ বিষয়ে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। এসময় অনন্য তিন বোন—জুলেখা ইসলাম লুনা, সালমা সরকার ও যাবীন তাসনীন উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183454