বগুড়ার মোকামতলায় সড়ক ও ফুটপাতে অবৈধ দোকান-স্থাপনা
মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার মোকামতলা বন্দরে সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে, স্থাপনা ও দোকানপাট গড়ে তোলা হয়েছে। এতে করে পথচারী ও ছোটখাটো যানবাহনের চলাচলের বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
মোকামতলাসহ পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ, শিবগঞ্জ, কালাই, সোনাতলা ও গাবতলী উপজেলার আংশিক এলাকার লোকজনের সমাগম ঘটে প্রতিদিন মোকামতলা বন্দরে। আগত লোকজন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করে থাকেন মোকামতলা বন্দর থেকে।
ঢাকা-রংপুর চার লেনের মহাসড়কটির মোকামতলা বন্দরে পশ্চিম পাশে এক লেনের সড়কের আংশিক অংশ এবং সড়কের পাশে ফুটপাতের পুরো অংশ অবৈধভাবে দখল করা হয়েছে। দখল করা সড়ক ও ফুটপাতে বিভিন্ন পণ্যর দোকান ও স্থাপনা গড়ে তুলেছেন স্থানীয় কিছু অসৎ ব্যক্তি।
যার ফলে প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত আগত মানুষসহ সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত ভ্যান, মোটরসাইকেল চলাচলের বিঘ্ন সৃষ্টি হচ্ছে আবার কখনো কখনো দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়। ভুক্তভোগীদের দাবি সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হোক।
অভিযোগ রয়েছে, ফুটপাতে স্থাপনা তুলে বিভিন্ন ফলের দোকান গড়ে তোলা হয়েছে। একটি মহল প্রতি ফলের দোকান থেকে জামানত হিসেবে মোটা অঙ্কের টাকা নিয়েছে এবং প্রতি মাসে ভাড়াও নিয়ে থাকে। সড়ক ও ফুটপাত দখল বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার ওসি রইস উদ্দিনের বক্তব্য নেয়ার জন্য ফোন করা হলে তিনি সাংবাদিকের পরিচয় পাওয়ার পরে ফোনের সংযোগ কেটে দেন।
এ ব্যাপারে বগুড়া সড়ক ও জনপদ অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী মনসুর আহমেদ বলেন, মোকামতলা এলাকা মহাসড়কের দেখবার জন্য এই দপ্তরের দেলোয়ার হোসেন নামে এক অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য তাকে বলবেন বলে জানান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183453