বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্য শিল্পীকে ধর্ষণ, গ্রেফতার ১
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্য শিল্পীকে নৌকায় তুলে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জনকে অভিযুক্ত করে সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পরে শান্ত বিশ্বাস নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী দুই নারী পেশায় ড্যান্সার। একটি বিয়ের অনুষ্ঠানে নাচের জন্য ৯ হাজার টাকায় চুক্তি অনুযায়ী গত ১০ সেপ্টেম্বর বিকালে তারা দলের সদস্যদের নিয়ে সরাইলে আসেন। এ সময় রাকিব নামে এক ব্যক্তি তাদের রিসিভ করে শাহবাজপুর সেতুর নিচে নিয়ে যান।
এজাহারে অভিযোগ করা হয়, সেখানে রাকিব আরও পাঁচজনকে সঙ্গে নিয়ে তাদের একটি ইঞ্জিনচালিত নৌকায় তোলেন। পরে নৌকাটি তিতাস নদীর মাঝামাঝি এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে দুই নারীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন তারা। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে দলের পুরুষ সদস্য সাইদ হোসেনকে ছুরি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে রাত ৮টার দিকে ভুক্তভোগী দুই নারীকে নাসিরনগর থানার গোকর্ণঘাট এলাকায় নামিয়ে দিয়ে অভিযুক্তরা পালিয়ে যান। ঘটনার পর বিষয়টি প্রথমে নাসিরনগর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল সরাইল থানার আওতাধীন হওয়ায় সেখানে মামলা করার পরামর্শ দেয়।
পরে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ১১ সেপ্টেম্বর সরাইল থানায় মামলা করা হয়।
সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম তালুকদার মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, শান্ত বিশ্বাস নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অপর অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183451