মোংলায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

মোংলায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

মোংলায় মুদি ব্যবসায়ীর গোডাউন থেকে চোরাচালানের অবৈধ ১৫ হাজার ৬শ লিটার ভোজ্য তেল (অপরিশোধিত সয়াবিন) জব্দ করেছে কোস্টগার্ড।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মোংলা পৌর শহরের প্রধান বাজারের মেসার্স শোভা স্টোর নামের মুদি ব্যবসায়ী মো. সবুর তালুকদারের গোডাউনে অভিযান চালায় কোস্টগার্ডের সদস্যরা।

এ সময় অভিযানকারীরা সবুরের গোডাউনে ৭৮ ব্যারেলে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে মজুদ করা ১৫ হাজার ৬শ লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করে। অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে অপরিশোধিত এ তেলের সঙ্গে ভেজাল মিশিয়ে বাজারে বিক্রি করে আসছিলো সবুর ও তার লোকজন।

এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী। এছাড়াও কোস্ট গার্ডের এ অভিযানে পুলিশ ও গোয়েন্দা সংস্থা এনএসআইর কর্মকর্তারাও উপস্থিত ছিলো। 

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী বলেন, গোয়েন্দা তৎপরতার মধ্যদিয়ে কোস্ট গার্ড পৌর শহরের মুদি ব্যবসায়ী সবুরের গোডাউন থেকে চোরাচালানের অবৈধ ৭৮ ব্যারেল তেল জব্দ করেছে। 

এ ঘটনায় জব্দকৃত তেল হস্তান্তর ও কোস্ট গার্ডের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। 

এদিকে এর আগেও র‍্যাবের অভিযানে সবুরের গোডাউন থেকে অবৈধভাবে মজুদ করা ভোজ্য তেল জব্দ হয়েছিল।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183443