বগুড়ার নন্দীগ্রামে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন এমপি মোশারফ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় নন্দীগ্রাম কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফগার মেশিন ও কোদাল হাতে নিয়ে এ অভিযানের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন এমপি।
এর আগে একই দিন সকাল নয়টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় নন্দীগ্রামে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম সারওয়ার জাহান, সমবায় কর্মকর্তা গোলাম মোস্তফা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, জিয়াউর রহমান, আবুল কালাম আজাদ, আব্দুল মতিন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, পৌর কৃষক দলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্তসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা।
এরপর প্রধান অতিথি আলহাজ মোশারফ হোসেন নন্দীগ্রাম পৌর এলাকার দামগাড়া গ্রামে ৫৩ লাখ ৬ হাজার ৮৯১ টাকা ব্যয়ে দামগাড়া পূর্বপাড়ার খোকার বাড়ি থেকে সাত্তারের পর্যন্ত বাড়ি ২০০ মিটার এবং মসজিদ মোড় থেকে হবিবরের বাড়ি পর্যন্ত ২৬৫ মিটার আরসিসি রাস্তার নির্মাণকাজের উদ্বোধন করেন।
জিওবি’র অর্থায়নে বৃহত্তর পাবনা-বগুড়া নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নন্দীগ্রাম পৌরসভা এ কাজ বাস্তবায়ন করছে। এ সময় নন্দীগ্রাম পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183438