ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
ঝিনাইদহ শহরের বাইপাস সড়কের আইয়ুব মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় সিরাজুল ইসলাম (৪৫) নামে বাইসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিরাজুল নিজের বাইসাইকেল নিয়ে কাজে যাচ্ছিলেন। পথে শহরের বাইপাস সড়কের আইয়ুব মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও বাইসাইকেল আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।