বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

বিয়ে করলেন জনপ্রিয় উপস্থাপিকা, মডেল ও উদ্যোক্তা ইসরাত পায়েল। পরিবারের সম্মতিতে স্বজনদের উপস্থিতিতে ব্যবসায়ী আল-আমিন চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

 

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সুখবরটি জানান ইসরাত পায়েল। ছবিতে লাল রঙের জমকালো শাড়িতে স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায় তাকে।

জানা গেছে, তার স্বামী আল-আমিন চৌধুরী পেশায় একজন ব্যবসায়ী। যুক্তরাজ্যে তার একাধিক ব্যবসা রয়েছে বলেও জানা গেছে।

 

বিয়ের ছবি প্রকাশ করে পায়েল লেখেন, আলহামদুলিল্লাহ, পরিবারের সম্মতিতে আল-আমিন চৌধুরীর সঙ্গে আমার বিয়ে হয়েছে। এখনকার সময়ে বিয়ে করে সুখে থাকার চেয়ে শেষ পর্যন্ত একসঙ্গে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ।

সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন শেষ পর্যন্ত একসঙ্গে টিকে থাকতে পারি।

 

বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও জল্পনা শুরু হলে কমেন্ট বক্সে বিষয়টি পরিষ্কার করেন পায়েল। তিনি জানান, তাদের বিয়ে বেশ কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে। ফলে এটি হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত নয়।

২০১৫ সালে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’-এ সাফল্য অর্জনের মাধ্যমে আলোচনায় আসেন ইসরাত পায়েলে। একই বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের বিভিন্ন আয়োজন উপস্থাপনা করে দর্শকদের নজর কাড়েন।

পরবর্তীতে অনুষ্ঠান উপস্থাপনা, বড় পরিসরের স্টেজ শো, মডেলিং এবং উদ্যোক্তা হিসেবে নিজের অবস্থান তৈরি করেন ইসরাত পায়েল। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183419