৬ মাসের মধ‍্যে বিদ‍্যুৎ-গ‍্যাস সমস্যা অনেকটাই সমাধান হবে: এমপি ওয়াহাব

৬ মাসের মধ‍্যে বিদ‍্যুৎ-গ‍্যাস সমস্যা অনেকটাই সমাধান হবে: এমপি ওয়াহাব

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, বিদ‍্যুৎ গ‍্যাস সঙ্কট বিএনপির সৃষ্ট কোনো সমস্যা নয়।

বতর্মান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শাসনভার পরিচালনা করছেন।তিনি চেষ্টা করছেন আগামী ছয় মাসের মধ‍্যে বিদ‍্যুৎ ও গ‍্যাস সমস্যার সমাধান করতে, ধৈর্য্য ধরুন। 

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার বোররচর কাচারী বাজার মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইন-শৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, জনকল্যাণ ও উন্নয়ন কার্যক্রম তদারকি সংক্রান্ত বিষয়ে সদর উপজেলার ৩ নম্বর বোররচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন এই মতবিনিময় সভার আয়োজন করে।  

তিনি বলেন, সারাদেশের মতো ময়মনসিংহে সারের কোনো সঙ্কট নেই।

প্রয়োজন অনুপাতে পর্যাপ্ত সার সংরক্ষণ আছে। অযথা কেউ সার মজুদ করবেন না।
রবি শষ্যের উৎপাদন বাড়াতে সারের কোনো সঙ্কট হবে না। অযথা কেউ মজুদ করবেন না। তবে সার ব‍্যবস্থাপনার কিছু ত্রুটি আছে। শহরে ৭টি লাইসেন্স আছে। সেগুলো গ্রাম পর্যায়ে নিয়ে আসার জন্য চেষ্টা চলছে। কিন্তু ১৭ বছরের জঞ্জাল সাত মাসে শেষ হবে না। 

এ সময় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ওয়াহাব আকন্দ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ‍্যামিলি কার্ডের কাজ শুরু হয়েছে। তথ‍্য সংগ্রহকারীদের সঠিক তথ‍্য দেবেন। কারো কাছে কোনো তদবির করতে হবে না। পর্যায়ক্রমে সবাই কার্ড পাবেন। ফ‍্যামিলি কার্ডের জন্য কেউ টাকা দেবেন না। কৃষক কার্ড দেওয়া অচিরেই শুরু হবে। পর্যায়ক্রমে সব মসজিদের ইমাম মোয়াজ্জেম এবং খাদেমদের সরকারি ভাতা দেওয়ার কাজ চলমান। 

সভায় বোররচরসহ চরাঞ্চলে তিনটি হিমাগার স্থাপন হবে জানিয়ে এমপি ওয়াহাব বলেন, বেইলি ব্রিজ ও হাসপাতাল চালুসহ পর্যায়ক্রমে স্কুল- কলেজ, মাদ্রাসা, রাস্তা-কালভার্ট বাস্তবায়ন করা হবে। নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব‍্যবস্থা প্রক্রিয়াধীন। তবে দুষ্টুদের কাছ থেকে সাবধান থাকুন। বেহেশতের টিকিট বিক্রিকারীদের বিষয়ে সতর্ক থাকুন। 

মাদক বিষয়ে এলাকাবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে এমপি বলেন, পাড়া মহল্লার অলিগলিতে ছেলেরা মাদক নিচ্ছে। তাদের প্রথমে বুঝান, না হলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করুন। প্রমাণসহ ধরে থানা পুলিশে দিন, ছাড় পাবে না। বিএনপি বা অঙ্গ সংগঠনের কোনো নেতা মাদক সম্পৃক্ত হলে রেহাই নেই। প্রমাণ পেলে বহিষ্কার করা হবে। 

কোতোয়ালি থানা বিএনপির সদস্য সচিব আতাহারুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক এমদাদুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক মো. হেলাল আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক ইয়াহিয়া হোসেন শাহীন, সদস্য আনোয়ার হোসেন হানু, শেখ মো. আব্দুল সেলিম, আজিজুল হক সরকার। 

এ সময় উৎসবমুখর পরিবেশের মধ‍্যদিয়ে কয়েক হাজার নারী ও পুরুষ খণ্ড খণ্ড মিছিল সহকারে এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183410