ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার
ফরিদপুরের মধুখালী উপজেলার বোয়ালিয়া এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে কার্টনে ভরা অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশের ছয় টুকরা উদ্ধার করেছে পুলিশ।
নিহতের বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে লাশের টুকরাগুলি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বোয়ালিয়ায় রাস্তার পাশে কার্টন পড়ে থাকতে দেখেন পথচারীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে আমরা কার্টনবন্দি অবস্থায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশের ছয় টুকরা উদ্ধার করেছি।
তিনি বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে লাশের টুকরাগুলি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উন্মোচন ও আসামিদের গ্রেপ্তারে আমাদের পুলিশি অভিযান চলছে।