ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা

বিনোদন ডেস্ক : ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমা হিসেবে অংশ নিয়েই বাজিমাত করেছে রুবাইয়াত হোসনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবে ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডস প্রেমিও বিসাতো দ’ওরো অর্জন করেছে সিনেমাটি। 

বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টার দিকে পরিচালক রুবাইয়াতের হাতে এ পুরস্কার তুলে দেন ইনডিপেনডেন্ট ক্রিটিকস বিভাগের প্রধান।  

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার রুবাইয়াত একটি গণমাধ্যমকে বলেন, এ অর্জন আমার জন্য অনেক সম্মানের। ভেনিসের মতো উৎসবে সব সিনেমার মধ্যে থেকে এ পুরস্কার দেওয়া। এ জন্য জুরিদের কাছে কৃতজ্ঞতা জানাই। তারা আমার সিনেমাটিকে পছন্দ করেছেন। আমি মনে করি, এই পুরস্কার দেশের সিনেমা অঙ্গনের জন্য সম্মানের, বাংলাদেশের সিনেমাকে এগিয়ে নেওয়ার জন্য এই স্বীকৃতি তাৎপর্যপূর্ণ।

প্রথমবারের মতো ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা অফিশিয়াল শাখায় (অরিজন্তি বিভাগে) মনোনয়ন পায়। সিনেমাটি ৬ সেপ্টেম্বর ভেনিসে প্রিমিয়ার হয়। এরপর থেকে সিনেমাটির প্রশংসা করেছে আন্তর্জাতিক গণমাধ্যম।

পৃথিবীর সবচেয়ে পুরোনো এই চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর ভেনিস লিডোতে শুরু হয়েছে ২ সেপ্টেম্বর। শেষ হবে ১২ সেপ্টেম্বর। আজ দেওয়া হবে অফিশিয়াল শাখার পুরস্কার। সেখানেও অরিজন্তি বিভাগে পুরস্কারের জন্য প্রতিযোগিতা করছে বাংলাদেশের এই সিনেমা।

সিনেমাটি ভেনিসের পাশাপাশি গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়েছে। ভেনিস থেকেই টরন্টো উৎসবে অংশ নিতে যাবেন রুবাইয়াত। উৎসবটি শেষ হবে ২০ সেপ্টেম্বর।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183405