টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে হৃদরোগে পর্যটকের মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে হৃদরোগে পর্যটকের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর টাঙ্গুয়ার হাওর ও সিরাজ লেকে ঘুরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে আশিষ কুমার রায় (৫১) নামে এক পর্যটক মারা গেছেন।

আশিষ কুমার মাগুরা জেলা সদর উপজেলার ছোট দোয়ারপাড়া, শাহাপাড়া এলাকার প্রফুল্ল রায়ের ছেলে।

তিনি পেশায় চিত্রশিল্পী (আর্টিস্ট)।

পুলিশ জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহীদ সিরাজ লেকের টিলায় হাঁটতে গিয়ে আশিষ কুমার রায় অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এসময় পাশের মসজিদের মুসল্লিদের সহযোগিতায় তার বন্ধুরা প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে এবং পরে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু রাজ শেখর বণিক জানান, হৈমন্তি নামক হাউজ বোটে টাঙ্গুয়ার হাওর ঘুরে বিকেলে শহীদ সিরাজ লেক যান তারা।

সেখানে এলাকার ছোট ছোট টিলায় ঘুরে পাঁচ বন্ধু একসঙ্গে হন। তখন আশিষকে না পেয়ে তার ফোন নম্বরে কল দিয়ে জানতে পারেন সে অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেছে।
ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএফপিও ড. নওশাদ আহমেদ বলেন, ওই পর্যটক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, নিহতের মরদেহ রাতেই নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন হয়নি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183400