জামায়াতের কারণে আ’লীগ আন্দোলন করার সাহস পাচ্ছে : রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, গুলশানে বিক্ষোভ মিছিল করেছে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ। জামায়াতে ইসলামীর সঙ্গে গোপনে হয়তো তারা যোগাযোগ করে এই মিছিল করেছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে মিলে জামায়াতে ইসলামী বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এবারও আওয়ামী লীগ জামায়াতের কারণে আন্দোলন করার সাহস পাচ্ছে।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ঝিনাইদহে ভার্চুয়ালি অংশগ্রহণ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাশেদ খাঁন বলেন, জামায়াত নেতারা বলছেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে তাদের আপত্তি নেই। কিন্তু আমরা বলতে চাই, দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতি আর মেনে নেবে না।
তিনি আরও বলেন, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ২৪-এর গণঅভ্যুত্থানে বিএনপি নেতৃত্ব দিয়েছে। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জীবন দিয়েছে। তাই, বিএনপি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল পক্ষকে ঐক্যবদ্ধ রাখতে চায়। অন্যদিকে জামায়াত ও এনসিপি ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183385