রাজা হওয়ার প্রস্তাব ফিরিয়ে ফুটবলকেই বেছে নিলেন ডেসমন্ড

রাজা হওয়ার প্রস্তাব ফিরিয়ে ফুটবলকেই বেছে নিলেন ডেসমন্ড

স্পোর্টস ডেস্ক : ফুটবলের সাধারণ মাঠ থেকে উগান্ডার ঐতিহ্যবাহী তোড়ো রাজ্যের সিংহাসনে বসার অপ্রত্যাশিত প্রস্তাব এসেছিল জর্জ ডেসমন্ড কামুরাসির সামনে। কিন্তু রাজপরিবারের উত্তরাধিকার হওয়ার চেয়েও নিজের বর্তমান জীবন আর ফুটবলকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন ৩৬ বছর বয়সী এই গোলকিপার। তাই রাজসিংহাসনের প্রস্তাব ফিরিয়ে দিয়ে ইংল্যান্ডের নবম স্তরের ফুটবল ক্লাব এসই ডনসে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তোড়ো রাজ্যের সদ্যপ্রয়াত রাজা ওয়ো নাইমবা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থের মৃত্যুর পর শুরু হয় উত্তরাধিকার নির্ধারণের প্রক্রিয়া। গত ২৭ আগস্ট মাত্র ৩৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় ক্যানসারে মারা যান ওয়ো। ১৯৯৫ সালে মাত্র তিন বছর বয়সে সিংহাসনে বসে বিশ্বের সবচেয়ে কম বয়সী জীবিত রাজা হিসেবে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছিলেন তিনি।

ওয়োর মৃত্যুর পর রয়্যাল সাকসেশন কমিটির প্রথম পছন্দ ছিলেন তার চাচাতো ভাই কামুরাসি। কিন্তু সেই প্রস্তাব বিনীতভাবেই ফিরিয়ে দেন তিনি।

রয়টার্স ও উগান্ডার সংবাদমাধ্যম পালস উগান্ডার বরাত দিয়ে রয়্যাল সাকসেশন কমিটির সদস্য ফাদার ড. চার্লস ওয়ো জানিয়েছেন, নিজের বর্তমান জীবনের প্রতি কামুরাসির নানা দায়বদ্ধতা রয়েছে। এ মুহূর্তে রাজার মতো গুরুদায়িত্ব নেওয়া তার পক্ষে সম্ভব নয়—কমিটিকে এমনটাই জানিয়েছেন তিনি।

কামুরাসি সরে দাঁড়ানোর পর নতুন করে উত্তরাধিকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করে কমিটি। শেষ পর্যন্ত সাবেক টেলিভিশন সংবাদ উপস্থাপক প্রিন্স এডওয়ার্ড রুকিদি কিজানাঙ্গোমাকে তোড়ো রাজ্যের নতুন রাজা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183365