স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, দলটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নির্বাচনে অংশ নেওয়া বা রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার নেই।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, আইন অনুযায়ী আওয়ামী লীগের সভা-সমাবেশ বা দলীয় কার্যালয় পরিচালনার সুযোগ নেই। আইন অমান্য করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, বিগত শাসনামলে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হলো পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা। এ জন্য বাজেটে প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

তিনি জানান, সংশোধিত আইনে এবার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন বা জাতীয় প্রতীক ব্যবহারের সুযোগ থাকছে না। নির্বাচন হবে নির্দলীয়ভাবে এবং সাধারণ প্রতীকে। তবে মাঠপর্যায়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি একক প্রার্থীকে সমর্থনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। একাধিক প্রার্থী থাকলে স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করা হবে।

বগুড়ার ইপিজেড, বিমানবন্দর ও বগুড়া-সিরাজগঞ্জ রেলপথসহ বড় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকারের মেয়াদ মাত্র ছয় মাস হয়েছে। বড় প্রকল্প বাস্তবায়নে প্রশাসনিক প্রক্রিয়ায় সময় লাগে। তবে ডিসেম্বরের মধ্যে এসব প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে তিনি শিবগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন। পরে শিবগঞ্জের মোকামতলা এলাকায় শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য স্কুল বাস বিতরণের কথাও জানান তিনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183280