রংপুরের কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে বৃদ্ধ বাবার মৃত্যু
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় মুদি দোকানে বসা ও টাকা নেয়াকে কেন্দ্র করে দুই ছেলের মারামারি দেখে বৃদ্ধ বাবা মহির উদ্দিন(৬০) অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু গুলশান মোড় এলাকায় ঘটনাটি ঘটে। নিহত মহির উদ্দিন ওই এলাকার বাসিন্দা। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন, ছেলেদের মারামারি দেখে এক ব্যক্তি মারা গেছে। স্বজনদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয়রা জানান, মহির উদ্দিন ছোট স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে গুলশান মোড় এলাকায় বসবাস করেন।
বড় ছেলে মাইদুল ইসলাম ও ছোট ছেলে রশিদুল ইসলাম। ছোট ছেলে নেশাগ্রস্থ হওয়ায় তাকে কয়েকদিন ধরে মুদি দোকানে বসতে দেয় না বাবা মহির ও বড়ভাই মাইদুল। এনিয়ে দুই ভাইয়ের মধ্যে মনমালিন্য দেখা দেয়। গত বুধবার বেলা পৌনে ২টার দিকে রশিদুল দোকানে উঠে টাকা নেওয়ার চেষ্টা করে। এসময় বড়ভাই বাধা দিলে তাদের মধ্যে বাকবিতন্ডা ও একপর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন তারা।
এসময় বাবা মহির উদ্দিন উপস্থিত হয়ে এমন দৃশ্য দেখে সহ্য করতে না পেরে মোটরসাইকেল থেকে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত্যু ঘোষণা করে চিকিৎসক। এদিকে খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মহির মৃত্যুর রহস্য উদঘাটন করে।
কাউনিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, দুই ছেলের মধ্যে মাামারির ঘটনা দেখে সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাকে মহির উদ্দিনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নিহতের স্বজনরা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183238