নাটোরে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ হাসপাতালে ভর্তি ১৩০ রোগী

নাটোরে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ হাসপাতালে ভর্তি ১৩০ রোগী

নাটোর প্রতিনিধি: নাটোর শহরের বিভিন্ন এলাকায় হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত বুধবার থেকে গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটা পর্যন্ত ডায়রিয়ার উপসর্গ নিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট নাটোর জেনারেল হাসপাতালে ১৩০ জন রোগী ভর্তি হয়েছে। আক্রান্তদের মধ্যে নাটোর পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দার সংখ্যা বেশি। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হওয়া এসব রোগীর মধ্যে নারী-পুরুষ ও শিশু রয়েছে। তবে নারী ও শিশুসংখ্যাই বেশি। রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আক্রান্তদের অধিকাংশই নাটোর পৌরসভার কানাইখালী, কান্দিভিটা, চকরামপুর, পটুয়াপাড়া, রামাইগাছি ও বড় হরিশপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

নাটোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহাবুবুর রহমান জানান, গত বুধবার থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ডায়রিয়ার উপসর্গ নিয়ে ১৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ৪০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রোগীর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পর্যাপ্ত স্যালাইনসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে।

নাটোরের সিভিল সার্জন ডা: মশিউর রহমান জানান, সাম্প্রতিক আবহাওয়া ও পানির কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যেতে পারে। তবে এর প্রকৃত কারণ নিশ্চিত হতে সংশ্লিষ্টদের আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে শিশু, নারী ও পুরুষ-সব বয়সী মানুষই রয়েছেন। হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগগুলোতেও ব্যস্ততা বেড়েছে। বিষয়টা নিয়ে স্বাস্থ্য বিভাগ তৎপর রয়েছে।

তিনি বলেন, গত এক সপ্তাহে ৫শ’ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন। তবে গত দুই দিন এর প্রকোপ বেড়েছে। প্রতিদিন যেখানে নিয়মিতভাবে ২০ থেকে ২৫জন ডায়রিয়া রোগী ভর্তি হতো, সেখানে বেড়ে দ্বিগুণ হয়েছে। প্রতিটি রোগী ২৪ ঘন্টা করে হাসপাতালে অবস্থান করছেন। দুই একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে ডায়রিয়া থেকে সুরক্ষিত থাকতে বিশুদ্ধ পানি পান, খাবার ঢেকে রাখা, খাবারের আগে ও টয়লেট ব্যবহারের পর ভালোভাবে সাবান দিয়ে হাত ধোয়া এবং অপরিস্কার ও খোলা খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183223